২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহর ঘূর্ণিতে দ. আফ্রিকাকে হারাল বাংলাদেশের তরুণরা

সালেহ আহমেদের অসাধারণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 07:09 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

সোমবার সাভারের বিকেএসপিতে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের তরুণরা জেতে ৫ উইকেটে।

টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৭১ রান করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন উইয়ান মুল্ডার।

১০ ওভার বল করে ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন লেগস্পিনার সালেহ আহমেদ।

ছোট সংগ্রহ তাড়া করতে নেমে ১২ ওভার ও ৫ উইকেট হাতে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে তারা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলীয় সর্বোচ্চ ৩৮ রান করে অবসর নেন।

তিন সপ্তাহের সফরে গত শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তারা সাতটি ইয়থ ওয়ানডে খেলবে।

আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেও হবে এই মাঠেই।

১৩ ও ১৫ এপ্রিল পরের দুটি ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল জাতীয় স্টেডিয়ামে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ এপ্রিল।