টি-টোয়েন্টিতে কিপটে বোলিংয়ে চানক্যের বিশ্বরেকর্ড
শ্রীলঙ্কার চানক্য ভেলেগেদারা টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড ছুঁয়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ততর এই সংস্করণে বোলিংয়ের পুরো কোটা শেষ করা বোলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচ করা ক্রিস মরিসের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২ রান দেন তামিল ইউনিয়নের চানক্য। এর মধ্যে দুই ওভারে কোনো রানই দেননি তিনি।
গত বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় কেপ কোবরার মরিস হাইভেল্ড লায়ন্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২ রান দিয়েছিলেন। ৪ ওভারের মধ্যে তিনটিতেই কোনো রান দেননি তিনি।
এক জায়গায় অবশ্য এগিয়ে আছেন শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট, ১০টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা চানক্য। মরিস ২ রান দিয়ে দুটি উইকেট পেলেও চানক্য পান ৪টি উইকেট।
