নিউ জিল্যান্ডের টেস্ট দলে গাপটিল
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করা মার্টিন গাপটিল নিউ জিল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন। আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার ম্যাট হেনরিও।
গাপটিল নিউ জিল্যান্ডের হয়ে সবশেষ টেস্ট খেলেন ২০১৩ সালের মে মাসে। সেবার ইংল্যান্ড সফরে দুই টেস্ট সিরিজের একটি ম্যাচে খেলেন তিনি। নিউ জিল্যান্ডের ২৪৭ রানে হেরে যাওয়া ম্যাচে গাপটিল করেছিলেন ১ ও ৩ রান।
এরপর নিউ জিল্যান্ডের টেস্ট দলে আর জায়গা পাননি গাপটিল। কিন্তু বিশ্বকাপে ৯ ম্যাচে ৬৮.৩৭ গড়ে সর্বোচ্চ ৫৪৭ রান করার পুরস্কার পেলেন ৩১টি টেস্ট খেলা ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৩৭ রান করেন গাপিটল। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যক্তিগত এই ইনিংস খেলা গাপটিল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন।
১০টি ওয়ানডেতে ১৭.৮২ গড়ে ২৩ উইকেট নেওয়া পেসার হেনরি নিউ জিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। সবকিছু ঠিক থাকলে এবারই তার টেস্ট অভিষেক হয়ে যাওয়ার কথা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা ব্যাটসম্যান মিচেল স্যান্টার।
টেস্ট সিরিজের নিউ জিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, লুক রনকি, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন।
ওয়ানডে ও টি-টোয়েন্টির নিউ জিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাচ হেনরি, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিল্ন, লুক রনকি, মিচেল স্যান্টার, টিম সাউদি, রস টেইলর, কেন উইলিয়ামসন।
