২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি সভাপতির জন্য এখনও নাম প্রস্তাব করেনি বিসিবি

আ হ ম মুস্তফা কামাল পদত্যাগ করায় শূন্য হওয়া আইসিসির সভাপতি পদের জন্য এখনও কারো নাম প্রস্তাব করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে আগামী সোমবার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 09:57 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

আইসিসির কাছ থেকে সভাপতি পদের জন্য নাম চাওয়া হয়েছে জানিয়ে নাজমুল হাসান শুক্রবার সাংবাদিকদের বলেন, “আইসিসি থেকে ফোন করে (আমাকে) বলেছে, বিসিবি থেকে সভাপতির জন্য একজনের নাম প্রস্তাব করতে। তবে এ বিষয়ে এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। ৬ এপ্রিলে বোর্ড সভা আছে। পরিচালনা পর্ষদের ওই সভায় এটি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাংলাদেশ-ভারত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে ‘বিতর্কিত’ আম্পায়ারিংকে কেন্দ্র করে ওঠা বিতর্কের জের ধরে মুস্তফা কামাল আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান।

নিয়ম অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত এ পদে বাংলাদেশেরই কারও থাকার কথা। তবে বিসিবির পক্ষ থেকে কারো নাম প্রস্তাব না করা হলে অন্য দেশের কেউ এ পদে বসতে পারেন।

বাংলাদেশের কেউ এ মুহূর্তে আইসিসির সভাপতি হলে তার মেয়াদ হবে তিন মাসেরও কম। এত অল্প সময়ের জন্য কেউ আগ্রহ দেখাবে কিনা, তা নিয়েও প্রশ্নে আছে বলে জানান নাজমুল হাসান।

“এমনও হতে পারে, আমরা পদটা নাও চাইতে পারি।”