মেলবোর্নের ফাইনালে ফ্লেমিংয়ের বাজি নিউ জিল্যান্ড
অস্ট্রেলিয়া নাকি নিউ জিল্যান্ড-জিতবে কোন দল? মেলবোর্নের ফাইনাল ঘিরে এই প্রশ্নই চারদিকে ঘুরছে। স্টিফেন ফ্লেমিং অবশ্য ব্রেন্ডন ম্যাককালামের দল নিয়ে আশাবাদী। নিউ জিল্যান্ডের এই সাবেক অধিনায়কের বিশ্বাস, বিশ্বকাপ জিততে পারে তার উত্তরসূরিরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী রোববার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। এ ম্যাচ সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে লেখা কলামে নিজের বিশ্বাসের কথা জানান ফ্লেমিং।
এই প্রথমবারের মতো নিউ জিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ম্যাককালামের দলের দিকে তাই আশা নিয়ে তাকিয়ে আছেন ফ্লেমিং। মেলবোর্নের কন্ডিশন অস্ট্রেলিয়ার পক্ষে থাকবে উল্লেখ করে নিউ জিল্যান্ডের এই সাবেক অধিনায়ক বলেন, “হ্যাঁ, ব্রেন্ডন ম্যাককালামের দল জিততে পারে।”
বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পঞ্চম শিরোপার মিশনে নামা ক্লার্কের দলকে অনেকে এগিয়ে রাখছেন। ফ্লেমিংও কলামে লিখেছেন, ব্ল্যাক ক্যাপদের (নিউ জিল্যান্ড) চেয়ে মাইকেল ক্লার্কের দল কন্ডিশন সম্পর্কে ভালো জানে এবং এ কারণে তারা একটু হলেও এগিয়ে আছে।
টানা আট ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে ওঠা নিউ জিল্যান্ডের ওপরও আস্থা আছে ফ্লেমিংয়ের। তার বিশ্বাস, যে গভীর আস্থা ও আত্মবিশ্বাস দেখিয়ে এত দূর এসেছে ম্যাককালামের দল, তা ফাইনালেও অপরিবর্তিত থাকবে।
কলামে ফ্লেমিং আরো লেখেন, ম্যাককালামের দল দেশের মানুষকে গর্বিত করেছে। বিশ্বকাপের ফাইনাল খেলা ‘বিশেষ মুহূর্ত’ এবং শিরোপা জিততে পারলে ম্যাককলামের জন্য তা আরও ‘বিশেষ’ হবে বলে জানান ফ্লেমিং।
