উপভোগের মন্ত্র জপছেন ম্যাককালাম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালের আগে চাপ শব্দটি উচ্চারণই করতে চান না নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দেশটির প্রথম দল হিসাবে ফাইনালে ওঠার বাধা পেরোতে সতীর্থদের কানে উপভোগের মন্ত্র ঢালছেন তিনি।
মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কের ম্যাচটি নিউ জিল্যান্ডের জন্য অনেক বড় এক উপলক্ষ বলে মানছেন ম্যাককালাম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের আগে চাপ নিতে রাজি নন তিনি।
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে নিজের দলের খেলোয়াড়দের একটু অন্যভাবে অনুপ্রাণিত করছেন ম্যাককালাম।
“মাঠে নামো, নিজেকে মেলে ধর, উপলক্ষটা উপভোগ কর।”
চাপ যে কখনোই সাহায্য করে না, সেটা বুঝে গেছেন ম্যাককালাম। তাই ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগের মাধ্যমেই জিততে চান তিনি।
“অংশ হওয়ার জন্য এটা দারুণ একটা মঞ্চ। আপনি এর জন্যই খেলেন, এর জন্যই এত অনুশীলন, এর জন্যই বাড়ি থেকে দূরে থাকা। এর জন্যই আপনি এত কঠিন পরিশ্রম আর ত্যাগ করছেন।”
সেমি-ফাইনালের ভেন্যু ইডেন পার্কে এই বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছে নিউ জিল্যান্ড। কম রানের ম্যাচে অস্ট্রেলিয়াকে এক উইকেটে হারায় তারা। সেই ম্যাচে নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৫ উইকেট নেন। অস্ট্রেলিয়ার মিচেল স্ট্যার্ক পান ৬ উইকেট।
এবার কন্ডিশন আর পিচ ভিন্ন রকম হবে বলেই মনে করেন ম্যাককালাম।
“আমরা সম্ভবত এত সুইং দেখব না। এখন পর্যন্ত উইকেট ভালো দেখাচ্ছে, অনেকটা নেটের অনুশীলন পিচের মতো।”
