২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দেওয়ায় কোচকে মাশরাফির কৃতজ্ঞতা

গত বছর জেতার মতো অবস্থানে থেকেও বেশ কয়েকটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ থেকে বদলে যাওয়া শুরু তাদের। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, তাদের ধারাবাহিকতার পেছনে সবচেয়ে বড় অবদান কোচ চন্দিকা হাথুরুসিংহের। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 11:17 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ইংল্যান্ডের বিপক্ষে শতক করার পর মাহমুদুল্লাহ জানিয়েছিলেন, তাদের ইতিবাচক খেলার পেছনে দারুণ অবদান হাথুরুসিংহের। ম্যাচের পরিস্থিতি যাই হোক, ক্রিকেটারদের নিজের স্বাভাবিক খেলাটা খেলার স্বাধীনতা দিয়েছিলেন তিনি।  
 
বিশ্বকাপ শেষ করে রোববার দেশে ফেরার পর মাশরাফিও জানান, তাদের বিশ্বাস ফিরে পেতে এই স্বাধীনতাটুকু খুব দরকার ছিল।
 
“কোচ আমাদের স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা পাওয়াটা খুব জরুরি ছিল। অনেক সময় দেখবেন, দুটি উইকেট পড়ে গেলে আমরা খুব সতর্ক হয়ে যাই। কিন্তু (এবার) আমাদের প্রত্যেক ব্যাটসম্যান উইকেটে যাওয়ার পর স্বাভাবিক খেলা খেলেছে। বোলিংয়ে এক ওভারে ১০-১২ রান দেয়ার পরও আক্রমণ করেছে।” 
 
বাংলাদেশের অধিনায়ক জানান, কোচ তাদের স্বাধীনতা নিয়ে খেলার কথা বলেছিলেন।
 
“তখন আমাদের মনে আস্তে আস্তে বিশ্বাস আসা শুরু করে। বিশ্বাসটাও খুব জরুরি ছিল। তবে স্বাধীনতা পাওয়ার পর বিশ্বাসটা আরো বেশি হয়েছে।”
 
বিশ্বকাপের প্রায় দেড় মাস আগে থেকে ওয়ানডের সেরা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। অনুশীলনে নতুনত্ব এনে মাশরাফিদের অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের কন্ডিশনের জন্য প্রস্তুত করার চেষ্টা করেন হাথুরুসিংহে।
 
“কোচকে আমি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি ‘এক্সক্লুসিভ’ অনুশীলন করিয়েছেন। সবচেয়ে বড় কথা, খেলোয়াড়রা তা গ্রহণও করেছে।”