অধিনায়ক থাকতে চান হোল্ডার
চড়াই-উতরাইয়ের এক বিশ্বকাপ শেষে দল পরিচালনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডার। দেশটির ক্রিকেট বোর্ড তাকে অধিনায়কের পদে রাখলে থেকে যেতে চান তিনি।
শনিবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে সহ-আয়োজন নিউ জিল্যান্ডের কাছে ১৪৩ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের ১৬৩ বলে ২৩৭ রানের রেকর্ড গড়া ইনিংসের কল্যাণে ৬ উইকেটে ৩৯৩ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ২৫০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে হোল্ডার বলেন, এত বড় লক্ষ্য তাড়া করা খুব কঠিন।
"আমরা ৩৫ ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। গাপটিল অসাধারণ খেলেছে। …ওই উইকেটে একজন সেট ব্যাটসম্যান বিপজ্জনক।"
এরপর দলের আর নিজের বিশ্বকাপ নিয়ে কথা বলেন হোল্ডার।
"আমাদের চড়াই-উতরাইয়ের এক বিশ্বকাপ গেছে। …অবশ্যই আমি অধিনায়কত্ব করে যেতে চাই। আমি মনে করি না, খুব খারাপ করেছি।"
