২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড ছেড়ে উইন্ডিজের কোচ সিমন্স

বিশ্বকাপের পর আয়ারল্যান্ডের দায়িত্ব ছেড়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যানের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 11:43 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ডব্লিউআইসিবি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সিমন্সকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ দিয়ে তার নতুন এই অভিযান শুরু হবে।  
 
নিজের দেশের জাতীয় দলের দায়িত্ব নিতে আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টানলেন সিমন্স। ক্রিকেট আয়ারল্যান্ডও শুক্রবার তাদের বিবৃতিতে সিমন্সের পদত্যাগের খবরটি নিশ্চিত করে।
 
আইরিশ ক্রিকেটের সঙ্গে লম্বা সময়ের সম্পর্কের ইতি টেনে বিদায় বেলায় কৃতজ্ঞতা জানান সিমন্স।
 
৫১ বছর বয়সী সিমন্স বলেন, “(আইরিশ ক্রিকেটকে) ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা খুবই কঠিন ছিল, কিন্তু আমার দেশের দলকে কোচিং করানোর সুযোগটা আমি বাদ দিতে পারিনি।”
 
এই আট বছরে আয়ারল্যান্ডের ক্রিকেটকে অনেক উপরে তুলে এনেছেন সিমন্স। এবারের বিশ্বকাপে তো রীতিমত চমক দেখিয়েছে দেশটি। 
 
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রানের ইনিংস ২৫ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে টপকে যায় সিমন্সের আয়ারল্যান্ড। পরে আরও দুটি ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার ভালো সম্ভাবনা জাগিয়েছিল তারা। শেষ পর্যন্ত সেটা না পারলেও ক্রিকেট বিশ্বের বাহবা ঠিকই পেয়েছে দলটি। 
 
সিমন্সকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাদের বিশ্বাস, ক্যারিবীয় দলের কোচ হিসেবে তিনিই সঠিক ব্যক্তি।
 
আয়ারল্যান্ডের আগে জিম্বাবুয়ে দলের কোচ ছিলেন ১৪৩টি ওয়ানডে ও ২৬টি টেস্ট খেলা সিমন্স।
 
এবারের বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার-ফাইনালে শনিবার সহ-আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।