বিতর্ক চাপা দিতে জয় চায় উইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে ঘিরে চলা বিতর্ক পেছনে ফেলতে জয় চান জ্যাসন হোল্ডার। নিউ জিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ম্যাচটি জিতলে তার দেশের জন্য ‘বিরাট’ এক ব্যাপার হবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
বিশ্বকাপের শুরুতে হোল্ডারদের খেলা দেখে অনেকেই মনে করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজ হয়ত প্রথম পর্বের বাধাই পেরোতে পারবে না। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তারা।
ওয়েলিংটনে সহ-আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ আটের ম্যাচটি আগামী শনিবার।
বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অনেকটাই বিপর্যস্ত। এরই জের ধরে দল থেকে বাদ পড়েন ডোয়াইন ব্রাভো আর কাইরন পোলার্ডের মতো দারুণ ফর্মে থাকা দুই অলরাউন্ডার। আর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান ২৩ বছর বয়সী হোল্ডার।
এই অবস্থায় বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা দেশটির জন্য বড় এক পাওয়া। এখন এই অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় হোল্ডারের।
“অবশ্যই বাধা আছে এবং নিশ্চিতভাবেই কঠিন সময় আসছে। কোয়ার্টার-ফাইনাল আমাদের জন্য বড় এক বিষয়। টুর্নামেন্টের শুরুতে মানুষ আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল।”
ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চায়। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সেই প্রত্যয়ের কথাই বলেন হোল্ডার।
“তারা আমাদের কোয়ার্টার-ফাইনালে ওঠা আশা করেনি এবং এখন আমরা এখানে। আগামীকাল (শনিবার) আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে নামব এবং নিজেদের পুরোটা উজাড় করে দেব।”
ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার-ফাইনালে উঠেছে ধুঁকতে ধুঁকতে। আর গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে শেষ আটে ওঠা নিউ জিল্যান্ড রয়েছে দারুণ ছন্দে। সবকিছুর পরও অতীতে না তাকিয়ে শুধু জয়ের কথাই ভাবছেন হোল্ডার।
“নিউ জিল্যান্ডকে হারানো সম্ভব। গত সিরিজে তাদের আমরা এখানে হারিয়েছি এবং কোনো সন্দেহ নেই যে, আগামীকাল(শনিবার) আমরা তাদের হারাতে চাচ্ছি।”
