২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলদের বিপক্ষে ম্যাচ নিয়ে ‘শান্ত’ নিউ জিল্যান্ড

ব্রেন্ডন ম্যাককালামের দলের দারুণ ছুটে চলা রাগবি পাগল নিউ জিল্যান্ডে ক্রিকেট উন্মাদনা তৈরি করেছে। তবে ড্যানিয়েল ভেটোরি জানান, এই উন্মাদনার চাপে পড়তে চান না তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 01:04 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

টানা ছয় ম্যাচে জিতে দাপটের সঙ্গে একাদশ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে নিউ জিল্যান্ড। আগামী শনিবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।

গেইলদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে ভেটোরি জানান, নিজেদের মাঠে বিশ্বকাপ হওয়ায় এবং তারা ভালো ক্রিকেট খেলায় নিউ জিল্যান্ডের মানুষ দলকে সমর্থন করছে। তবে সমর্থকদের প্রত্যাশার চাপ নিতে চান না তারা। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের সবাই ‘শান্ত’ আছে বলে জানান এই অলরাউন্ডার।

রাগবি পাগল জাতি হিসেবে নিউ জিল্যান্ড বেশ পরিচিত। ক্রিকেটের টানে দেশের মানুষের এবারের মতো মাঠে আসা আগে কখনও দেখেননি বলেও জানান ভেটোরি।

“নিউ জিল্যান্ডের চারিদিকে দারুণ উত্তেজনা বিরাজ করছে এবং এটা এমন কিছু, আমি দেখিনি।”

শিরোপা তো দূর অস্ত, বিশ্বকাপের ফাইনালেও কখনো ওঠেনি নিউ জিল্যান্ড। তবে ম্যাককালামদের এবারের দাপট দেখে অনেকেই তাদের শিরোপার অন্যতম দাবিদার মানছেন।