অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত ইরফান
কোয়ার্টার-ফাইনালের আগে বড় একটা ধাক্কা খেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচে নিতম্বের চোটে পড়া মোহাম্মদ ইরফানের খেলা নিয়ে অনিশ্চিতা তৈরি হয়েছে ।
আগামী শুক্রবার অ্যাডিলেইড ওভালে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।
এর আগে চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে গত রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হয়নি পাকিস্তানের বাঁহাতি পেসারের ইরফানের।
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ইরফান ডান নিতম্বে ব্যথা অনুভব করায় অ্যাডিলেইডে এমআরআই স্ক্যান করানো হয়।
পাকিস্তান দলের ফিজিও ব্র্যাড রবিনসন জানান, মঙ্গলবার এমআরআই স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইরফানের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
পিসিবির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রাথমিক রিপোর্ট আশাবাদী হওয়ার মতো নয়। বিশ্বকাপে আর খেলা নাও হতে পারে ইরফানের।
৩২ বছর বয়সী ইরফান এ পর্যন্ত দেশের হয়ে ৪৫টি ওয়ানডে খেলে ৬৫টি উইকেট নেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিপদে পড়া পাকিস্তানের ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রয়েছে ইরফানের। পাঁচ ম্যাচে ৮ উইকেট নেয়া এই পেসার ওয়ানডে সেরা টুর্নামেন্টে ওভার প্রতি দিয়েছেন মাত্র ৪.৫৩ রান।
