২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড নিয়ে সতর্ক আত্মবিশ্বাসী মিসবাহ

আয়ারল্যান্ডকে বিপজ্জনক দল মেনেই জয়ের ছক কষছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। তাই বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের লক্ষ্য পূরণের ম্যাচে নামার আগে সতীর্থদের সতর্ক করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 03:19 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

অ্যাডিলেইডে রোববার গ্রুপের নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এ ম্যাচে জয় পেলে কোনো হিসেব ছাড়াই শেষ আট নিশ্চিত করবে পাকিস্তান; অবশ্য হারলেও সুযোগ থাকবে দলটির। তবে মিসবাহ রানে রেটের হিসাবের প্যাচে যেতে আগ্রহী নন।

“আমরা আগামীকালের ম্যাচের দিকে দৃষ্টি দিচ্ছি; এটা আমাদের জন্য ‘অবশ্যই জিততে হবে’ ধরণের ম্যাচ এবং যে জন্য আমরা সামনের দিকে তাকিয়ে আছি।”

২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে খেলেছিলেন মিসবাহ। তবে আয়ারল্যান্ডকে সমীহ করলেও অতীত নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিসবাহ বলেন, “কোনো সন্দেহ নেই, আয়ারল্যান্ড বিপদজ্জনক দল, (কিন্তু)..আপনি (সাংবাদিক) ২০০৭ নিয়ে বলছেন; আমি মনে করি, এটা ২০১৫; তাই আমরা পেছন ফিরে তাকাচ্ছি না।”

ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শুরু করার পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারে পাকিস্তান। তবে পরের তিন ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ১৯৯২ সালের বিশ্বকাপেও ঘুরে দাঁড়িয়ে ইমরান খানের দলের সাফল্যের চূড়ায় ওঠার গল্পটা তাই মিসবাহর দলের সামনেও ফিরে আসছে।

আয়ারল্যান্ড ম্যাচের জন্য ১৯৯২ সালের প্রাপ্তি থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ থাকলেও সতীর্থদের ঠিকই সতর্ক করছেন মিসবাহ। আইরিশদের হারিয়ে শেষ আটে উঠতে হলে ভালো খেলার কোনো বিকল্প দেখছেন না তিনি।

“যেটা আমরা ১৯৯২ সালে করেছি, সেটা আকঁড়ে ধরে আপনি শুধু বসে থাকতে পারেন না; মনে করতে পারেন না, আমরা সেটা আবারও করব। এটা একেবারেই আলাদা গল্প এবং আমাদের পারফর্ম করতে হবে।”