২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাঙ্গাকারা পারলে মাহমুদুল্লাহ কেন নয়’

দুটি শতক করেই দায়িত্ব শেষ হয়ে যায়নি মাহমুদুল্লাহর। কোয়ার্টার-ফাইনালেও তার কাছ থেকে শতক চেয়েছেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 05:08 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক সাকিব। রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটে হারের পর সাকিব জানান, পরের ম্যাচেও মাহমুদুল্লাহর ব্যাটে রান দেখতে চান তিনি।

“মাহমুদুল্লাহর ব্যাটিং ছিল দুর্দান্ত। সে পুরো টুর্নামেন্টেই দারুণ ব্যাটিং করেছে। বিশ্বকাপের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় চলে এসেছে। আশা করি, কোয়ার্টার-ফাইনালেও সে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।”

আগামী বৃহস্পতিবার মেলবোর্নে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলতে পারে বাংলাদেশ।

পাঁচ ইনিংসে ৩৪৪ রান করে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার চার নম্বরে উঠে এসেছেন মাহমুদুল্লাহ।  

ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই শতক করেছিলেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক পাওয়া সেই ম্যাচে ১০৩ রান করেন তিনি।

শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। সুবাদে ৭ উইকেটে ২৮৮ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

সাকিব মনে করেন, নিজের অর্জনে গর্ব করতেই পারেন মাহমুদুল্লাহ। তবে তার কাজ এখনও শেষ হয়নি।

“পেশাদার দল হিসেবে আমরা তার কাছ থেকে আরেকটি শতক চাই। সাঙ্গাকারা যদি টানা চারটি শতক করতে পারেন, মাহমুদুল্লাহ কেন পারবেন না?”