‘অবসর’ ভেঙে ফিরবেন না সাঙ্গা
আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই কুমার সাঙ্গাকারার। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অবসর ভেঙে ফিরবেন না তিনি।
ওয়ানডের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারা টানা চারটি শতক করার পর শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেছিলেন, সতীর্থকে আরও কিছুদিন খেলার জন্য অনুরোধ করবেন তিনি।
কোনো অনুরোধ, উপরোধে যে কাজ হবে না সেটা পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন সাঙ্গাকারা। বিবিসিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “অবসর ফর্মের ব্যাপার নয়, এটা স্থান এবং সময় সম্পর্কিত এবং এটা আপনার ঠিক মনে হচ্ছে কি না, তার ওপর নির্ভর করে।”
বিশ্বকাপের আগেই সাঙ্গাকারা ঘোষণা দেন, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের আসরের পর ক্রিকেটকে বিদায় বলে দেবেন তিনি। কিন্তু ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের বর্তমান ফর্মের কারণে অনেকের চাওয়া ছিল, তিনি যেন আরও কিছুদিন খেলাটা চালিয়ে যান।
সর্বশেষ স্কটল্যান্ড ম্যাচে ওয়ানডের ইতিহাসে শচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে চৌদ্দ হাজার রান পূরণ করেন সাঙ্গাকারা। ওই ম্যাচের পরই বয়সের প্রসঙ্গ টেনে সাঙ্গাকারা বলেছিলেন “আমি এখন ৩৭, গাটগুলো ক্যাচঁ ক্যাচঁ করছে।”
