২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ককের পাশে ম্যাচ সেরা ডি ভিলিয়ার্স

বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেয়ে খুশি এবি ডি ভিলিয়ার্স। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দলের পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। তবে কুইন্টন ডি কক ফর্মে না ফেরায় একটু খচখচানি ডি ভিলিয়ার্সে মনে থেকে যেতেই পারে। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সতীর্থের পাশেই আছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 10:23 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে ১৪৬ রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। 
 
টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৪১ রান করে ডি ভিলিয়ার্সের দল। অধিনায়ক নিজে ৯৯ রান করে আউট হন। আর শেষের দিকে ফারহান বেহারদিন ৩১ বলে অপরাজিত ৬৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। 
 
ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত পারেননি ডি কক। ৪৫ বলে ২৬ রান করে আউট হন তিনি। তবে ম্যাচ শেষে  দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানান, ডি ককের ওপর বিশ্বাস আছে তার। 
 
"কুইন্টন যে একজন 'ম্যাচ উইনার' তা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই এবং আমাদের এই বিশ্বকাপ জেতাতে সে ভূমিকা রাখবে।"
 
ইনিংস উদ্বোধন করা ছাড়াও দলে অন্য একটা ভূমিকা আছে, তিনি উইকেরক্ষণের কাজটিও করছেন। ডি ভিলিয়ার্স নিজেও গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন। কারণ, ক্যারিয়ারটা তিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেই শুরু করেছিলেন। 
 
মাঠে অধিনায়কত্বে আরও বেশি মনোযোগ দিতেই উইকেটের পেছনে নিজে না দাঁড়িয়েও ডি কককে উইকেটরক্ষকের দায়িত্ব দেন বলে জানান ডি ভিলিয়ার্স। 
 
"আমি উইকেটের পেছনে দাঁড়াতে চাই না। মাঠে থেকে বোলারদের পরিচালনা করার সময় এটা আমার ওপরে অনেক চাপ ফেলে। উইকেটের পেছনে না দাঁড়ালে আমি বেশি সময় পাই।"