রাজশাহীকে হারিয়ে তৃতীয় ঢাকা
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে রাজশাহীকে হারালেও শিরোপা জিততে পারেনি ঢাকা বিভাগ। ১১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।
সপ্তম ও শেষ রাউন্ডে রাজশাহী বিভাগকে ১৩৪ রানে হারায় ঢাকা।
১২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ১২০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে খুলনা।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার ৬ উইকেট ২৪৯ রান নিয়ে খেলতে নেমে নাদিফ চৌধুরীর শতকে ৯ উইকেটে ৩৩২ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা। ৩৫৯ রানের লিড নেয় তারা।
১২১ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন নাদিফ।
বড় লক্ষ্যে খেলতে নেমে মোশাররফ হোসেনের বোলিং নৈপুণ্যে ২২৫ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।
৮৪ রানে ৫ উইকেট নেন ঢাকার মোশাররফ। প্রথম ইনিংসেও ৪ উইকেট নেয়া এই স্পিনার ম্যাচ সেরা হন।
