২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে এড়াতে পারলে ভালো

আমার ক্রিকেট-রচনা অধিকাংশ সময়ই সত্য বলে প্রমাণিত হওয়ার কারণে আমার ক্রিকেট-লেখার চাহিদা দাঁড়িয়েছে কবিতার চেয়ে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নির্মলেন্দু গুণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 03:03 AM

Updated : 25 Apr 2022, 01:07 PM

বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেট চলার সময় আমার ক্রিকেট বিষয়ক লেখার চাহিদা বেড়ে যায়। আমার ক্রিকেট ভাষ্য বেশ মিলেও যায়। পড়ে পাঠকরা অবাক মানেন, তাতে আমি খুশি হই। এ এক অন্যরকমের আনন্দ। ভাবি, ক্রিকেটের পেছনে এই যে সময় ধ্বংস করে চলেছি, ক্রিকেট সম্পর্কে লিখে তার বদলা নেবার এ এক মোক্ষম সুযোগ। যতটা সম্ভব সময়টাকে সৃষ্টির কাজে লাগনোর চেষ্টা। বলি --উড়ো খৈ গোবিন্দায় নমঃ। হে গোবিন্দ, বাতাসে উড়ে যওয়া খৈ গুলো তোমাকে দিলাম। তুমি নৈদ্যেবৎ আমার এই উড়ন্ত খৈ গুলো গ্রহণ করো।

আজকাল আমি প্রিন্টমিডিয়ায়, মানে কাগজের পত্রিকায় লিখি না। মুখপঞ্জির দেয়ালে বা আকাশ-পত্রিকায় লিখি। এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে দুটো অন লাইন পোর্টালে লিখছি। টাকা দিচ্ছে দুটো প্রতিষ্ঠানই। bdnews24.com প্রতি লেখার জন্য দিচ্ছে ৩০০০ টাকা আর  ntv.com দিচ্ছে ২০০০ টাকা।

কিন্তু আমি টাকার লোভে নয়, সত্যি বলতে ক্রিকেটপ্রেমেই লিখি। না লিখে পারি না। বিশ্বকাপ ক্রিকেট চলাকালে ক্রিকেট নিয়ে তরুণ-তরুণীদের মতো আমার মাথাও গরম হয়। একটা উত্তেজক চপল-চঞ্চলতা ভিড় করে আমার মনের ভিতরে। লিখলে মাথা কিছুটা ঠান্ডা হয়। তাই লিখি।

২

গত বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করেও আমরা কোয়ার্টার-ফাইনালের গদিতে বসতে পারি নাই। রান রেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে আমরা ছিটকে পড়েছিলাম। এবারের বিশ্বকাপে অ্যাডলেইড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করায় আমরা পয়েণ্ট ব্যবধানে কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত করেছি। এবং আপাতত কোয়ার্টার ফাইনালে পুল ‘বি’-র শীর্ষদল, অপরাজিত ভারতই আমাদের প্রতিপক্ষ হবে বলে মনে করছি।

কিন্তু ততটা ভাবছি কি যে, আমাদের সূচনা-পর্বের শেষ খেলাটিতে নিউজিল্যন্ডের বিরুদ্ধে জিততে পারলে সেই হিসাবটা হয়তো পাল্টে যাবে। ৯ পয়েণ্ট নিয়ে আমরা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারি।

তাই যদি হয়, তখন ভারতের বদলে আমাদের প্রতিপক্ষ হবে পুল এ-২ বনাম পুল বি-৩| বাংলাদেশের জন্য, আমি মনে করি, ভারত ছাড়া পুল ‘বি’র যেকোনো দলই হবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ।

প্রশ্ন উঠতে পারে, নিউজিল্যান্ডকে কি হারানো সম্ভব? আমি বলি, সম্ভব।

ইংল্যান্ডের বিরুদ্ধে হতভাগ্য আনামুল হক বিজয়ের স্থলে খেলার সুযোগ পাওয়া ভাগ্যবান ইমরুল কায়েস রান পাননি। মাচের শুরুতেই আউট। রান পাননি তামিম ইকবাল। রান পাননি সাকিব। শুধু রান নয, উইকেটও পাননি এই অলরাউন্ডার। তবে বাউন্ডারি লাইনে সাকিব একটি ভালো ক্যাচ ধরছেন। পক্ষান্তরে তামিম সহজ ক্যাচ ফেলে দিয়ে দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন।

তারপরও রুবেলের বিষাক্ত বোলিং-এর কারণেই ম্যাচটি বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশের ক্রিকেটে এরকম ঘটনা পূর্বে কখনও ঘটেনি। মনে হচ্ছে একটা নতুন পূর্ণদলের দিশা মিলেছে অ্যাডিলেইডে। 

তাই মনে জোর পাচ্ছি এই ভেবে যে, সাকিব-তামিম ও ইমরুল কায়েস-- এরা তিনজন যদি হ্যামিলটনের হাই ভোল্টজে ম্যাচে হ্যামিলনের বংশীবাদকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, আর দুই ভায়রা ভাই (রিয়াদ-মুশফিক) যদি তাদের ব্যাটিং তান্ডব অ্যাডিলেইডের মতো অব্যাহত রাখতে পারেন, তবে রুবেল ও তাসকিনের জন্য একটা ভালো রানের সংগ্রহ তারা রেখে যেতে পারবেন, যা নিউজিল্যান্ডের জন্য অনতিক্রম্য হতেও পারে। স্কটিশদের দেয়া ৩১৮ রানের টার্গেট তাড়া করে নেলসনে জেতার অভিজ্ঞতা যখন আছে, তখন ভয় কি মরণে? আমাদের পয়েন্ট তো কেড়ে নেবে না কেউ! 

ভারতকে নিয়ে আমার পজেটিভ ধারণার আরেকটি কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি ভারত রবি শাস্ত্রীর প্রশিক্ষণে এবার তাদের বোলিংয়ে অনেকটা উন্নতি করেছে। সবচেয়ে দুর্বল বোলিং লাইন যার ছিলো, এই আসরে সে-ই এখন বোলিং ইকনমির শীর্ষে। তাই প্রথম এবারের বিশ্বকাপে ১০ বোলারের মধ্যে দু’জন - সামী ও আশ্বিন, ভারতের।

বিশ্বকাপে এখন পর্যন্ত চার শতাধিক রান উঠেছে ৪ বার। তিন শতাধিক রান উঠেছে ২০ বারের মতো। সেখানে আশ্চর্য বটে যে, ভারতের বোলিং-এর বিরুদ্ধে আয়ারল্যান্ডের সংগ্রহই সর্বোচ্চ- মাত্র ২৫৯।   

তাই বলি, চতুর্থ স্থানে থাকলে ভারতের বিরুদ্ধে খেলা যাবে এবং ঐ খেলায় জয় পাওয়াটা সহজ হবে (কোনো একটি বিশ্বকাপ-বিপর্যয়ের কথা মনে রেখে এরকমটি না ভেবে), আসুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা আমাদের সেরা খেলাটা খেলি। ভারতকে আপাতত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তাকে পরে দেখা যাবে। আমি মনে করি, নিউজিল্যান্ডকে হারানো সম্ভব।

নিউজিল্যান্ড হারতে-হারতে জিতেছে অস্ট্রেলিয়ার সঙ্গে এবং কিছুটা কষ্ট করেই জিতেছে স্কটল্যান্ডের সঙ্গেও।

ভারতকে কিন্তু কোনো দল এখনও চ্যালেঞ্জ জানাতে পারেনি। সব ক’টি খেলাই সে জিতেছে অনায়াসে।  

১২ মার্চ ২০১৫

রাত ১-২৫মি.