শেষ আটের প্রতিপক্ষ নিয়ে ভীত নন মিসবাহ
প্রথম দুই ম্যাচ হেরে শুরুটা বাজে হলেও ঘুরে দাঁড়ানো পাকিস্তানের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাইতো দলটির অধিনায়ক মিসবাহ-উল-হক কোয়ার্টার-ফাইনালে ওঠার আগেই বলছেন, সেখানে প্রতিপক্ষ যেই হোক না কেন, তা নিয়ে কোনো ভাবনা নেই তার।
এমনকি সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে দুর্দান্ত ফর্মে থাকা নিউ জিল্যান্ড কিংবা বিশ্বকাপের আরেক সহ-আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলেও চিন্তিত নন মিসবাহ।
“কোয়ার্টার-ফাইনালে আমরা নিউ জিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে প্রস্তুত এবং যে কোনো দলকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করা পাকিস্তান টানা তিনটি ম্যাচ জিতেছে। এখন পর্যন্ত তাদের শেষ আটে ওঠা নিশ্চিত না হলেও পুল ‘বি’-এ ৬ পয়েন্ট নিয়ে সে পথে বেশ ভালো অবস্থানেই আছে তারা।
শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই নকআউট পর্বে উঠবে পাকিস্তান। আগামী রোববারের ওই ম্যাচে হেরে গেলেও অবশ্য সম্ভাবনা থাকবে তাদের, তবে সেক্ষেত্রে আবার রান রেটের জটিল সমীকরণের মুখে পড়তে হতে পারে।
তাই আইরিশদের হারিয়েই কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করতে চান মিসবাহ।
জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয় মিসবাহকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলেছে। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এখন আর কোনো দ্বিতীয় সুযোগ নেই বলেও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন মিসবাহ।
মিসবাহ প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের উপর সতীর্থদের এমনভাবে ঝাঁপিয়ে পড়তে বলছেন, যেন পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
