শ্রীলঙ্কা দলে আবারও চোটের আঘাত
বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামা শ্রীলঙ্কা দলে আবার আঘাত হেনেছে চোট। বিশ্বকাপ শুরুর পর পঞ্চম ক্রিকেটার হিসেবে চোটে পড়েছেন দিনেশ চান্দিমাল।
গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান চান্দিমাল। ৩৮ বলে ৫২ রান তোলার পর মাঠ থেকে উঠে যান তিনি। ওই ম্যাচে বিশ্বকাপের অন্যতম আয়োজক অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হেরে যায় বিশ্বকাপের গত দুই আসরের রানার্সআপরা।
আয়োজকরা মঙ্গলবার জানায়, চান্দিমালের জায়গা পূরণে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিচ্ছেন কুশল পেরেরা। বাঁহাতি এই ব্যাটসম্যান ৪১ ওয়ানডেতে ৮৩৯ রান করেন। কুশল দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের একাদশ আসরে এ নিয়ে শ্রীলঙ্কার পাঁচ ক্রিকেটারের চোটের খবর এলো, যার শুরুটা হয়েছিল জীবন মেন্ডিসের চোট দিয়ে। অলরাউন্ডার মেন্ডিসের জায়গা নেন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।
চোটের কারণে এরই মধ্যে পেসার ধাম্মিকা প্রসাদ ও ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শেষ হয়ে গেছে। দিমুথের বদলে শ্রীলঙ্কা দলে এসেছেন সেকুগে প্রসন্ন।
শ্রীলঙ্কার বোলিং লাইনআপের সেরা স্পিনার রঙ্গনা হেরাথের অবস্থাও ভালো নয়। চোটের কবলে পড়েছেন তিনিও। তবে, তার জায়গায় এখনো নতুন কাউকে দলের নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি দলটি।
গত সোমবার ইংল্যান্ডকে ছিটকে দিয়ে বিশ্বকাপের প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার-ফাইনালে ওঠায় শ্রীলঙ্কারও শেষ আট নিশ্চিত হয়।
