শুভাগতর আরেকটি শতক
জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ের পথে সপ্তম ও শেষ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ঢাকার শুরু ততটা ভালো হয়নি। শুভাগত হোমের শতকে ৭ উইকেটে ২৭৯ রান করে প্রথম দিন শেষ করেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারায় ঢাকা। তবে শুভাগত ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।
চতুর্থ উইকেটে জনি তালুকদারের (৪৩) সঙ্গে ৯৫ রানের জুটি গড়ে বিপদ কাটান শুভাগত। আর পঞ্চম উইকেটে তিনি নাদিফ চৌধুরীর (৫৯) সঙ্গে ৯২ রানের জুটি গড়ে বড় ইনিংসের সম্ভাবনা জাগান।
সানজামুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১১১ রান করেন শুভাগত। তার ১০৮ বলের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। এবারের আসরের তার এটা তৃতীয় শতক।
মাঝের সময়টা ভালো কাটলেও শেষ বিকেলে একই ওভারে দুটি উইকেটে হারিয়ে দিনের শেষটা ভালো করতে পারেনি ঢাকা।
সাহাগির হোসেন ২৪ ও মোশাররফ হোসেন ৪ রানে ব্যাট করছেন।
৯৩ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সফলতম বোলার সানজামুল।
