মোহিতের কাছে আয়ারল্যান্ড কঠিন প্রতিপক্ষ
চার ম্যাচের চারটিতেই জিতে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলা ভারত এখন চায় শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে। তবে আইরিশদের বিপক্ষে কাঙ্খিত জয় পাওয়াটা সহজ হবে না বলেই মনে করেন দেশটির পেসার মোহিত শর্মা।
নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে আগামী মঙ্গলবার আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার কথা বলেন মোহিত।
"শুরুর দিকে তারা ভালো ম্যাচ খেলেছে। এখনও তাদের নকআউটে যাওয়ার সম্ভাবনা আছে।"
আয়ারল্যান্ডের শক্তির দিক নিয়ে কথা বলতে গিয়েও একই কথা বলেন মোহিত।
"তাদের ভালো একটি দল রয়েছে। তাদের হারাতে আমাদের ভালো খেলতে হবে এবং আমরা এটাই করার চেষ্টা করব।"
ভারতের দুর্দম্য গতিতে এগিয়ে চলায় খুশি মোহিত। তবে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন তিনি।
"এখনো অনেক পথ বাকি। এখনও আমাদের দুটি লিগ ম্যাচ আছে এবং এরপর নকআউট।"
