ভারতকে বোলিং দিয়ে হারানোর প্রত্যয় পোর্টারফিল্ডের
ভারতের মূল শক্তিতে আঘাত করেই ঘায়েল করতে চায় আয়ারল্যান্ড। ভালো বোলিং করে বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে আটকে রেখে ম্যাচ জয়ের পরিকল্পনা করছেন দেশটির অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
মঙ্গলবার নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজের বোলিং আক্রমণের ওপর আস্থা রাখছেন আয়ারল্যান্ডের অধিনায়ক।
"দেখুন, অবশ্যই আমরা তাদের বোলিং দিয়ে আটকাতে চাইব এবং উইকেট নেব।"
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়ানা, মহেন্দ্র সিং ধোনি-ভারতের ব্যাটিং লাইনআপটা বেশ লম্বাই। তবে পোর্টারফিল্ড মনে করেন, শুরুটাই ম্যাচের পথ বাতলে দেবে।
"আমরা প্রথমে যাই করি না কেন, প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ হবে। ব্যাটে অথবা বলে, ম্যাচটি আমাদের ভালোভাবে শুরু করতে হবে।"
এমনিতেই এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। এছাড়া পুল 'বি'র পয়েন্ট তালিকার দিকে তাকালেও স্পষ্ট হয় প্রথম পর্বে আয়ারল্যান্ড সবচেয়ে বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলছে। একটু কি ভয় আছে পোর্টারফিল্ডের?
আয়ারল্যান্ডের অধিনায়ক অবশ্য এমনটা ভাবছেন না। তার কাছে গ্রুপের প্রত্যেক ম্যাচই সমান।
"এটা অন্য যেকোনো ম্যাচের মতোই। আমরা প্রত্যেক ম্যাচেই দুই পয়েন্ট পাওয়ার জন্য খেলি এবং আগামীকালও (মঙ্গলবার) এর ব্যতিক্রম নয়।"
