২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়েই শেষ আটের স্বপ্ন আইরিশদের

দুটি ম্যাচে একটি পয়েন্ট পেলেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলবে আয়ারল্যান্ড। তবে দেশটির অধিনায়ক পোর্টারফিল্ড পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চান না, ভারতের বিপক্ষে জিতেই শেষ আটে ওঠার প্রত্যয় তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 02:12 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

চার ম্যাচের চারটিই জিতে ৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে পুল 'বি' থেকে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। চার ম্যাচের ৩টি জিতে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড। নিজেদের শেষ ম্যাচটি তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে।

পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানও সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচে পয়েন্ট ৪। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

আয়ারল্যান্ডের শেষ আটে ওঠার লড়াইটা মূলত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আইরিশরা দুটি ম্যাচ হারলেই কেবল শেষ আটে ওঠার সুযোগ থাকবে উইন্ডিজের।

পোর্টারফিল্ড এসব হিসেবের মধ্যে যেতে চান না। মঙ্গলবার নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতেই শেষ আট নিশ্চিত করে ফেলতে চান তিনি।

"এখানে আসার আগে কোয়ার্টার-ফাইনালে ওঠাটাকেই আমরা লক্ষ্য করেছিলাম। আমি বলবো, আমরা ভালো অবস্থাতেই আছি। তবে এ হিসেব কোনো কাজে আসবে না যদি না আমরা ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে পারি।"

"অন্য যেকোনো ম্যাচের মতোই এই ম্যাচেও জয়ের জন্য উন্মুখ থাকব আমরা এবং আগামীকাল (মঙ্গলবার) পাঁচে চারটি (জয়) করতে চাই আমরা", যোগ করেন আইরিশ অধিনায়ক।