অনন্য মাইলফলকে ভেটোরি
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন ড্যানিয়েল ভেটোরি। নিউ জিল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্ট ও ওয়ানডেতে তিনশ' উইকেট শিকার করেছেন তিনি। তবে পিছু ফিরে অর্জনের খাতায় তাকিয়ে এই কিউই স্পিনার বলছেন, এতটা পাওয়ার কথা ভেবে বিশ্বকাপ শুরু করেননি তিনি।
ন্যাপিয়ারে ম্যাকলিন পার্কে রোববার আফগানিস্তানের বিপক্ষে ১৮ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভেটোরি। এ ম্যাচেই ওয়ানডেতে নিউ জিল্যান্ডের প্রথম বোলার হিসেবে তিনশ' উইকেটের মাইলফলকে পা রাখেন তিনি (৩০২টি)। টেস্টে উইকেট শিকারের তালিকায় স্যার রিচার্ড হ্যাডলির (৪৩১টি) পর আছেন ভেটোরি (৩৬১টি)।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ভেটোরি বলেন, “আমি মনে করি, এই বিষয়ে আসলেই এতটা ভেবে আমি বিশ্বকাপ শুরু করিনি। সত্যি বলতে কি, এই অল্প ম্যাচে এতগুলো উইকেট পাব-সেটাও বিশ্বাস করিনি। তাই, এটার দিকে পিছন ফিরে দেখাটা চমৎকার হবে।”
বলাই যায়, ক্যারিয়ারের শেষ বিকেলে এসে পড়েছেন ভেটোরি। দিনে দিনে বয়স হয়ে গেল ৩৬ বছর। পরের বিশ্বকাপ তাই এই অলরাউন্ডারের জন্য অনেক দূরের স্বপ্ন।
সে স্বপ্ন নিয়ে অবশ্য ভাবছেন না ভেটোরি; বরং বাড়ির উঠানে বিশ্বকাপ খেলাটা উপভোগ করতে চান তিনি, “ঘরে বিশ্বকাপ খেলার অনেক মজা; এটা এমন একটা অভিজ্ঞতা, যেটা আমাদের কেউ ভুলবে না।”
বিশ্বকাপের একাদশ আসর ভেটোরি শুরু করেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষেও দুই উইকেট নেন। আর পরের দুই ম্যাচে আরো তিন উইকেট নেয়া এই কিউই স্পিনারের বিধ্বংসী রূপটা ন্যাপিয়ারের উইকেটে দেখা গেল।
উসমান গনি, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবি ও আফসার জাজাই-প্রতিপক্ষের এই চার ব্যাটসম্যানকে ফেরান ভেটোরি। আফগানিস্তানের রানের লাগামও আটকে রাখেন দারুণ দক্ষতায়। ১০ ওভারে মাত্র ১৮ রান দেন তিনি। নিয়মিত উইকেট পাওয়ার সঙ্গে রান খরচে ‘কৃপণ’ থাকায় ভেটোরির তৃপ্তি আরো বেশি।
৮৩ বল হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটের জয় পেলেও প্রতিপক্ষকে ‘কখনোই হালকাভাবে নেননি’ বলে ম্যাচ শেষে জানান ভেটোরি। নবি-নওরোজরা ন্যাপিয়ারে ব্যর্থ হলেও তাদের দলটাকে ‘ভারসাম্যপূর্ণ’ বলেও মনে করেন কিউই এই স্পিনার।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবগুলোতে জয় পাওয়ায় এখন পর্যন্ত সবকিছু ভালো চলছে বলেও জানান ভেটোরি। কিউইদের জন্য এখন সামনের ম্যাচগুলোয় জয়ের ধারাবাহিকতা ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
