অল্প রানে গুটিয়ে যাওয়ার আক্ষেপ নবির
আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও দুইশ’র নিচে গুটিয়ে যাওয়াটা মেনে নিতে পারছেন না মোহাম্মদ নবি। বড় হারের ব্যর্থতার দায় তাই দলের প্রথম সারির ব্যাটসম্যানদেরই দিচ্ছেন আফগানিস্তান অধিনায়ক।
ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে রোববার সব উইকেট হারিয়ে ১৮৬ রান করে আফগানিস্তান। ৩৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে দাপটের সঙ্গে জয় তুলে নেয় বিশ্বকাপের অন্যতম আয়োজক নিউ জিল্যান্ড।
নবি মনে করেন, তারা আড়াইশ’র ওপরে স্কোর করতে পারলে এ ম্যাচের ফল অন্যরকম হতেও পারত, “কিন্তু যেভাবে আমরা নিউ জিল্যান্ডের বিপক্ষে আজ আবার খেলেছি, আমরা ১৮০ রানের মতো আশা করিনি। যদি ২৭০ বা ২৮০ রান করতে পারতাম, তাহলে এটা অন্যরকম ম্যাচ হতে পারত।”
লম্বা ভ্রমণের ক্লান্তি থাকার কথা বললেও আফগানিস্তান অধিনায়ক বড় হারের পেছনে এটাই একমাত্র কারণ মানতে রাজি নন। বরং অল্প রানে গুটিয়ে যাওয়ায় দলের টপ অর্ডারের সমালোচনা করেন তিনি।
“এই আসরে আমাদের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান পাঁচ ম্যাচে জ্বলে উঠতে পারেনি। তাদের জ্বলে না ওঠাটা দলের জন্যও দুর্ভাগ্যের।”
৫৯ রানে ছয় উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আফগানিস্তান। নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরির ঘূর্ণির মধ্যে সামিউল্লাহ সেনওয়ারি ও নাজিবুল্লাহ জাদরান অর্ধশতকের ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যানকে অবশ্য প্রাপ্য প্রশংসা করেছেন নবি।
পাঁচ ম্যাচে চার হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। আগামী শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচ খেলবে বিশ্বকাপের নবাগত দলটি। এ ম্যাচে ভালো করার আশাবাদ জানিয়েছেন নবি, “পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দেব।”
