ইমরুলের সামর্থ্য দেখানোর সুযোগ
এনামুল হকের চোটে বিশ্বকাপ দলে আসা ইমরুল কায়েসের ইংল্যান্ডের বিপক্ষে খেলার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
সোমবার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগের দিন বাংলাদেশের অধিনায়ক জানান, নিজের সামর্থ্য দেখানোর দারুণ সুযোগ পেয়েছেন ইমরুল।
“ইমরুল এসে অনুশীলন করেছে, ভালোও করেছে। আজ (রোববার) দিন আছে ওর প্রস্তুতি নেওয়ার। অবশ্যই ওর সুযোগ আছে খেলার। আমাদের উদ্বোধনী ব্যাটসম্যান চোট পেয়েছে, তার জায়গায় সে এসেছে।”
মাশরাফির বিশ্বাস, হঠাৎ করেই দলে আসা ইমরুল আত্মবিশ্বাসের সঙ্গে খেলবেন।
“এটা ইমরুলের জন্য খুব ভালো একটা সুযোগ। বিশ্বকাপে ছিলই না, নিজেও হয়তো সেভাবে চিন্তাই করেনি। নিজের সামর্থ্য দেখানোর দারুণ একটা সুযোগ পেয়েছে সে।”
ইংল্যান্ডের বিপক্ষে ইমরুলের ওয়ানডে ব্যাটিং গড় ৩৫.৫৭। এ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৭ ওয়ানডেতে ২৪৯ রান তুলেছেন তিনি। কোনো শতক না থাকলেও অর্ধশতক আছে তিনটি।
৫৩টি ওয়ানডে খেলা ইমরুল বিশ্বকাপে বেশ সফল। তার ক্যারিয়ার গড় যেখানে ২৬.৭৩ সেখানে ওয়ানডের সেরা টুর্নামেন্টে তার গড় ৩৭.৬০। গত আসরে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।
