আফগানিস্তান ম্যাচে অপরিবর্তিত নিউ জিল্যান্ড দল
চার জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা নিউ জিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষের পরের ম্যাচে ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চাইছে না। তাই নবি-নওরোজদের বিপক্ষে ম্যাচে অপরিবর্তিত একাদশই দিচ্ছে দলটি।
ন্যাপিয়ারে রোববার বিশ্বকাপের একাদশ আসরে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।
কিউইরা সেরা একাদশ অপরিবর্তিত রাখায় টম ল্যাথাম, নাথান ম্যাককালাম, কাইল মিলস, মিচেল ম্যাক্লেনাগানের বেঞ্চে বসেই থাকতে হবে। নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও মানছেন, এভাবে বেঞ্চে বসে থাকাটা ক্রিকেটারদের জন্য কঠিন।
একাদশে কোনো পরিবর্তন আপাতত না থাকলেও ম্যাককালাম অবশ্য শনিবার জানান, দলে চোটজনিত সমস্যা তৈরি হলে বেঞ্চ থেকে অভিজ্ঞতাসমৃদ্ধ খেলোয়াড় এনে তা পূরণের আত্মবিশ্বাস তার রয়েছে।
বিশ্বকাপের এ আসরে চার ম্যাচে আফগানিস্তানের জয় মাত্র একটি। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্ব মঞ্চে প্রথম জয়ের স্বাদ পায় তারা।
