আল-আমিন কাণ্ডের প্রভাব ‘পড়বে না’ দলে
শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়া আল-আমিনের অভাব শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দল টের পাবে না বলে বিশ্বাস করেন হিথ স্ট্রিক। বাংলাদেশ দলের এই বোলিং কোচ আল-আমিনের জায়গায় দলে আসা শফিউল ইসলামের ওপরও আস্থা রাখছেন।
দলের নিয়ম ভেঙে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় পেসার আল-আমিনের। তার জায়গায় দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পান শফিউল। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর চলাকালে আল-আমিনকে হারানোয় স্বাভাবিকভাবে হতাশ স্ট্রিক। তবে শফিউলেও আস্থা রাখার কথা জানান তিনি।
“তাকে (আল-আমিন) চলে যেতে হলো বলে আমরা অবশ্যই হতাশ। কিন্তু আমি মনে করি, শফিউল আসছে, সে একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং সে কিছু ভালো সাফল্যও দেখিয়েছে।”
“এটা (আল-আমিনের না থাকা) আমাদের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না। অবশ্যই আমাদের দৃষ্টি পরের ম্যাচের দিকে, যে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ”, যোগ করেন জিম্বাবুয়ের এই সাবেক ক্রিকেটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে আল-আমিনকে বোলিং লাইনআপে রাখার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে স্ট্রিকের বিশ্বাস, আল-আমিন না থাকলেও বোলিং লাইনআপের ভারসাম্য ঠিক-ই থাকবে।
গত সোমবার এক বিবৃতিতে আইসিসির টেকনিক্যাল কমিটি আল-আমিনের জায়গায় শফিউলকে বাংলাদেশ দলে নেওয়ার অনুমোদন দেয়।
৫২টি ওয়ানডে খেলা শফিউল ২০১১ সালের বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নেন।
বিসিবি গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলের বিধি-নিষেধ ভাঙার জন্য আল-আমিন হোসেনকে দল থেকে বাদ দেয়া হয়েছে।
