মোসাদ্দেকের দ্বিশতকে রানের পাহাড়ে বরিশাল
প্রথম দিনের শতককে দ্বিতীয় দিনে দ্বিশতকে রূপ দিয়েছেন মোসাদ্দেক হোসেন। তার অনবদ্য ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রান পাহাড়ে উঠেছে বরিশাল বিভাগ।
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির দুই নম্বর মাঠে মেহেদি হাসানের বলে বোল্ড হওয়ার আগে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৩০৯ বলে ২৮২ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। তার ইনিংসটি ৩৭টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো। প্রথম দিনের ১৫০ রান নিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন মোসাদ্দেক।
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে মোসাদ্দেকের দ্বিশতকে চড়ে প্রথম ইনিংসে ১৩২.১ ওভারে ৫৯৭ রান তোলে বরিশাল। চট্টগ্রামের ফয়সাল ১৬১ রানে তিন উইকেট নেন।
জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগ দুই উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে। বরিশালের চেয়ে ৪৭৩ রানে পিছিয়ে আছে তারা। নাফিস ইকবাল ৩২ ও তাসামুল হক ২১ রানে অপরাজিত রয়েছেন।
ইয়াসির আলি ও নাফিস উদ্বোধনী জুটিতে ভালোই করছিলেন। দলের সঞ্চয়ে ৩৯ রান যোগ করার পর সোহাগ গাজীর ঘূর্ণিতে ইয়াসির (৩১) এলবিডব্লিউ হলে ভাঙে চট্টগ্রামের উদ্বোধনী জুটি।
এরপর ৯২ রানে বরিশালকে আবার ব্রেক থ্রু এনে দেন আল-আমিন জুনিয়র। আবদুল্লাহ আল মামুনকে (৩২) শাহিন হোসেনের ক্যাচে পরিণত করেন তিনি।
