২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনাথের কলাম: বোলারদের সাফল্যের পথ ব্যাটসম্যানদের তৈরি

বিশ্বকাপ শুরুর আগে ভারতের বোলিং নিয়ে প্রশ্ন ছিল প্রায় সর্বত্র। অথচ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচেই দারুণ করেছে তারা। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে বোলিং বিভাগ সামগ্রিকভাবে জ্বলে ওঠায় ভীষণ খুশি দেশটির সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ। আর বোলারদের সেই প্রেক্ষাপট তৈরি করে দেওয়ায় ব্যাটসম্যানদের প্রশংসাও করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 07:01 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

নিখুঁত ও সন্তোষজনক জয়ে ঠিক পথে থেকেই শুরু হল ভারতের বিশ্বকাপ অভিযান। টুর্নামেন্ট শুরুর আগে তাদের বোলিং লাইনআপ নিয়ে কম প্রশ্ন ওঠেনি। অথচ এখন সন্দেহাতীতভাবে বেশিরভাগ প্রতিপক্ষের টিম মিটিংয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে এটি নিয়ে। যতটা না প্রতিভা, এর চেয়ে অনেক বেশি কার্যকারিতা দিয়ে প্রথম দুই ম্যাচে ব্যাটসম্যানদের বিপদে ফেলেছে ভারতীয় বোলাররা।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুটোয় এই প্রক্রিয়া শুরু হয়েছে অবশ্য বোলাররা কোনো বল করার আগেই। বোলারদের সেই সাফল্যের পথ ব্যাটসম্যানদের তৈরি করা। দুই খেলাতেই তিনশর ওপর রান করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে তারা। ভারতীয় বোলিং পরিকল্পনার শুরুটা সেখানেই।

ব্যাটসম্যানরা প্রেক্ষাপট রচনার পর বোলারদের কাজ ছিল পরিকল্পনার বাস্তবায়নে সবাই মিলে এক সঙ্গে শিকার করা। সব বোলারের মনের ভেতর ওই প্রক্রিয়াটি গেঁথে দেওয়াটা একেবারে স্পষ্ট। আর একবার তা গাঁথা গেলে সেটিই বোলারদের চালিয়ে নেয়। কোনো পরিকল্পনার প্রতিফলন মাঠে দেখার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। সেটি আরো আনন্দময় হয় যখন বিশ্বকাপের মতো আসরে প্রচণ্ড চাপের মধ্যে সেটি করে দেখান যায়।

খেলার ক্ষেত্রে চাপ ব্যাপারটি চূড়ান্ত অকাম্য। যদিও জীবনের মতো এখানেও এটি এড়ানোর উপায় নেই। তবে নিজ দলের ব্যাটসম্যানরা যখন প্রতিপক্ষ বোলারদের উপর সেই চাপের কিছুটা স্থানান্তর করতে সক্ষম, তখন আপনার সেটি কাজে লাগাতে হবে। ভারতের বোলাররা পর পর দুই ম্যাচে করেছে ঠিক তাই। ৩০০ রানের বেশি তাড়া করতে নামলে ব্যাটসম্যানদের মনোভাব এমনিতেই হয় ভিন্ন। এত বড় স্কোরের চাপের কারণে। তখন বোলাররা যদি ঠিক জায়গায় বল ফেলে চাপ বাড়িয়ে দিতে পারে, সেই সংযোগটা হতে পারে ভীষণ মারাত্মক।

এমন অবস্থায় বোলারদের আত্মবিশ্বাস বাড়তে থাকে প্রতিনিয়ত। একটি একটি বলে একটু একটু করে বাড়ে তা। কে ব্যাটিং করছে, তখন আর সেটি বড় ব্যাপার থাকে না। বোলাররা বরং নিজেদের সামর্থ্যরে ওপর রাখে বিশ্বাস। মোহাম্মদ সামির ক্ষেত্রে হয়েছে যেটি। পরিকল্পনার বাস্তবায়নে দারুণ বোলিং করেছে, সঙ্গে সুবিবেচকের মতো শর্ট বলের ব্যবহার প্রমাণ দিচ্ছে পরিপক্কতার। ও সবসময়ই উইকেটে শিকারের চেষ্টা করেছে, যেটি আমার চোখে সবসময় সুলক্ষণের চিহ্ন।

ভারতীয় বোলিংয়ের সবচেয়ে ভালো ব্যাপার হল, এখানে একক নৈপুণ্যের ব্যাপার বলে কিছু নেই। তিন পেসারই যেহেতু ভালো করছে, প্রতিপক্ষের একজন বোলারকে টার্গেট করার কৌশল তাই কাজে লাগছে না। সামির সঙ্গে উমেশ যাদব নতুন বলে ভালো করছে। তুলনামূলক অপরিচিত মোহিত শর্মা এরপর বোলিংয়ে এসে তুলছে এর সাফল্য।

এর মধ্যেও কিন্তু মুহূর্তের জন্য ভারতীয় স্পিনারদের ভূমিকা ভোলা যাবে না। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা মাঝের ওভারগুলোতে করছে ভালো বোলিং। অশ্বিন বোলিং করছে খানিকটা ধীরগতিতে আর বল বাতাসে ভাসিয়ে রাখছে অনেকক্ষণ। ডরভয়হীন বোলিংয়ের প্রকাশ সেটি। ওর সহযোগী হিসেবে জাদেজাও দুর্দান্ত।

ঠিক যেমন সমর্থন অধিনায়ক হিসেবে বোলারদের দিচ্ছে মহেন্দ্র সিং ধোনি। এখন পর্যন্ত বিশ্বকাপে ওর নেতৃত্ব অসাধারণ। প্রতিনিয়ত বোলিং পরিবর্তন করছে, যে কারণে নির্দিষ্ট কোনো বোলারের বোলিংয়ে অভ্যস্ত হতে পারছে না প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।

ব্যাটসম্যান হিসেবে শিখর ধাওয়ান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কী অবিশ্বাস্যই না খেলল! দারুণ ব্যাটিং করেছে আজিঙ্কা রাহানেও। ওকে ব্যাটিং অর্ডারে উপরে তোলার কৃতিত্বটা ধোনিকে দিতে হবে। আমার মনে হয়েছে, ভারত-অধিনায়ক নিজ দলের সব ব্যাটসম্যানের শক্তি সম্পর্কে ভালো জানে। রাহানেকে বুঝিয়েছে, সে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ওর সামর্থ্যে বিশ্বাস করে। কাজে দিয়েছে তা।

এমনটা যখন হয়, তখন ক্রিকেটাররা বোঝে যে, অধিনায়ক সময়মতো দলের প্রয়োজনে পরিবর্তন আনছেন। এতে প্রভাব পড়ে না তাদের মানসিকতায়। ব্যাটিং অর্ডার পরিবর্তনের নমনীয়তা থাকে, যা দলের জন্য দারুণ ব্যাপার।