এবার আফগানিস্তান ম্যাচে চোখ মমসেনের
নিউ জিল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও হেরেছে স্কটল্যান্ড। তবে দলটির অধিনায়ক প্রেস্টন মমসেন মনোবল হারাচ্ছেন না। তিনি এখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের আশা করছেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সোমবার ইংল্যান্ডের কাছে ১১৯ রানে হারে স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচেও নিউ জিল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছিল তারা। দুই হারে ‘এ’ গ্রুপের তালিকায় তলানিতে আছে স্কটল্যান্ড।
ডানেডিনে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে স্কটল্যান্ড। ইংল্যান্ড ম্যাচ থেকে নেওয়া শিক্ষা আফগানিস্তানের বিপক্ষে এবার কাজে লাগাতে চান মমসেন।
“আজ আমরা কিছু শিখেছি এবং আশা করি, আফগানিস্তানের বিপক্ষে আমরা আরো ভালো পারফর্ম করব।”
তবে উদ্বোধনী জুটিতে ১৭২ রান তুলে ফেলা ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ৩০৩ রানে বেঁধে রাখায় সতীর্থ বোলারদের প্রশংসা করতে ভোলেননি স্কটল্যান্ড অধিনায়ক।
