মইনের কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ
ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপে প্রথম জয় এনে দেয়ার পথে দারুণ এক শতকের ইনিংস খেলেছেন মইন আলি। বল হাতে পরে দুই উইকেট নিয়ে ক্রাইস্টচার্চের ম্যাচের সেরা হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়টাই গুরুত্বপূর্ণ মইনের কাছে।
ক্রাইস্টাচার্চের হ্যাগলি ওভালে সোমবার স্কটল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে বিশ্বকাপের একাদশ আসরে প্রথম জয় পায় ইংল্যান্ড। এ ম্যাচে ১২৮ রানের ইনিংস খেলার পর ৪৭ রান খরচে ২টি উইকেটও নেন মইন।
দলের জয় ও ব্যক্তিগত অর্জনে খুশি মইন, “আমাদের জয় পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। জয়ী দলের পক্ষে শতক পাওয়াটাও চমৎকার।”
ম্যাচ সেরা ইনিংস খেলার পর মইন জানান, দুই হারে সবাই তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল। এখন সে পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন তারা। ওয়ানডেতে দ্বিতীয় ও বিশ্বকাপে প্রথম শতক পাওয়া এই ব্যাটসম্যান আরো জানান, পরের ম্যাচগুলোয় তাদেরকে ‘একটা দল’ হয়ে এগিয়ে যেতে হবে।
