২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের ‘টপ অর্ডারে’ ভয় মাসাকাদজার

বিশ্বকাপে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের টপ অর্ডারকে ‘ভয়’ পাচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান জানান, ক্যারিবীয়দের টপ অর্ডারের লাগাম শুরুতে টেনে ধরতে না পারলে বিপদে পড়বে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 01:51 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

ক্যানবেরার ম্যানুকা ওভালে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জিম্বাবুয়ে। তবে দলটির নির্ভরযোগ্য ব্যাটসম্যান গেইল-স্মিথদের যথেষ্ট সমীহ করছেন।

“আমি মনে করি, ব্যাটিং-বোলিং উভয় বিভাগে ভালো শুরুটা এ ম্যাচে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা, আমি মনে করি, তাদের টপ অর্ডার খুবই বিপজ্জনক।”

“আমাদের ব্যাটিং এবং বোলিংয়ের শুরুতে ভালো করতে হবে।”, যোগ করেন তিনি।

আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে অর্ধশতক পেরুনো ইনিংসও খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ দলের মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। তারপরও জ্যামাইকার এই তারকাকে হালকাভাবে নিচ্ছেন না মাসাকাদজা।

“যদি সে চলতে শুরু করে, তাহলে তাকে থামানো ভীষণ কঠিন।”

প্রায় চৌদ্দ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন মাসাকাদজা। এমনকি প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। এ ম্যাচ নিয়ে তাই উন্মুখ হয়ে আছেন তিনি।

“হ্যাঁ, অস্ট্রেলিয়ায় এই প্রথম খেলব। আমি আসলেই সামনের দিকে তাকিয়ে আছি। এ দেশে প্রথম সপ্তাহটি আমার জন্য দারুণ ছিল এবং এখন পর্যন্ত আমি বেশ উপভোগ করেছি।”