২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডের প্রথম জয়

দুই সহ-আয়োজকের কাছে লজ্জাজনক হারে বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তবে মইন আলির ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। স্কটল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 07:50 AM

Updated : 12 Oct 2022, 03:19 PM

৩০ ওভার শেষে ইংল্যান্ডে সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৭২ রান। আরো বড় সংগ্রহের সম্ভাবনা জাগালেও পরের ব্যাটসম্যানের ব্যর্থতায় কোনোমতে তিনশ’ পার হয় তারা।

কাইল কোয়েটজার ছাড়া আর কেউ ভালো করতে না পারায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি স্কটল্যান্ড।

মঙ্গলবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৩ রান করে ইংল্যান্ড। জবাবে ৪২ ওভার ২ বলে ১৮৪ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। এক প্রান্তে কোয়েটজার অবিচল থাকলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

কোয়েটজার ছাড়া স্কটল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

চতুর্থ উইকেটে অধিনায়ক প্রেস্টন মমসেনের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন কোয়েটজার। মমসেনকে ফিরিয়ে জো রুট ১৩.৩ ওভার স্থায়ী জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেনি সহযোগী দেশটি।

শেষ দিকে ম্যাথু ক্রস (২৩) ও মাজিদ হক (১৫) দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান।

ইংল্যান্ডের স্টিভেন ফিন ২৬ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস ও মইন।

মইনের প্রথম শিকারে পরিণত হওয়ার আগে ৭১ রান করেন কোয়েটজার। তার ৮৪ বলের ইনিংসটি ১১টি চার সমৃদ্ধ।

এর আগে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন ইয়ান বেল ও মইন। ১৭২ রানের উদ্বোধনী জুটি গড়েন এই দুই জন। বেলের বিদায়ে ভাঙে তাদের ৩০.১ ওভার স্থায়ী এই জুটি।

বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের সেরা উদ্বোধনী জুটি। আগের সর্বোচ্চ ছিল ড্যানিশ অ্যামিস ও ব্যারি উডের। ১৯৭৫ এর আসরে পূর্ব আফ্রিকার বিপক্ষে ১৫৮ রানের জুটি গড়েছিলেন তারা।

অর্ধশতক করে বেল বিদায় নিলেও শতকে পৌঁছান মইন। নিউ জিল্যান্ডে ২৭ বছর পর শতক পেলেন ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান। দলকে দুইশ’ রানে পৌঁছে দিয়ে ফিরে যান মইনও।

১০৭ বলে খেলা ম্যাচ সেরা মইনের ১২৮ রানের চমৎকার ইনিংসটি ১২টি চার ও ৫টি ছক্কায় সাজানো। এটি তার দ্বিতীয় শতক। তার আগের সর্বোচ্চ ছিল ১১৯।

মইনের বিদায়ের পর দ্রুত ফিরে যান গ্যারি ব্যালান্স ও রুট। ৩ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া ইংল্যান্ড তিনশ’ ছাড়ায় অধিনায়ক ওয়েন মর্গ্যানের দৃঢ়তায়।

জেমস টেইলরের সঙ্গে ৪৯ ও জস বাটলারের সঙ্গে ৪৫ রানের দুটি কার্যকর জুটি গড়েন ছন্দে ফেরার লড়াইয়ে থাকা মর্গ্যান। শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে ৪২ বলে ৪৬ রান করেন ইংল্যান্ড অধিনায়ক।

পরের বলে ওকসকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান জস ডেভি। তবে স্টুয়ার্ট ব্রড নেমে হ্যাটট্রিক ঠেকান।

৬৮ রানে ৪ উইকেট নিয়ে ডেভিই স্কটল্যান্ডের সেরা বোলার।

নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে ও দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে ইংল্যান্ড। স্কটল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৩ উইকেটে হারে।

সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৩/৮ (মইন ১২৮, বেল ৫৪, ব্যালান্স ১০, রুট ১, মর্গ্যান ৪৬, টেইলর ১৭, বাটলার ২৪, ওকস ১, ব্রড ০*, ফিন ১*; ডেভি ৪/৬৮, ব্যারিংটন ১/৪৩, ইভান্স ১/৪৬, মাজিদ ১/৫১, ওয়ার্ডল ১/৬০)

স্কটল্যান্ড: ৪২.২ ওভারে ১৮৪ (কোয়েটজার ৭১, ম্যাকলয়েড ৪, কোলম্যান ৭, মাচান ৫, মমসেন ২৬, ব্যারিংটন ৮, ক্রস ২৩, ডেভি ৯, মাজিদ ১৫, ইভান্স ৯, ওয়ার্ডল ০*; ফিন ৩/২৬, ওকস ২/২৫, অ্যান্ডারসন ২/৩০, মইন ২/৪৭, রুট ১/২৭)

ম্যাচ সেরা: মইন আলি।

</div>  </p>