২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান আউটকেই দুষলেন ডি ভিলিয়ার্স

ভারতের কাছে বড় ব্যবধানে হারের কারণ হিসেবে রান আউটের কথা বললেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ১৩০ রানে হারা ম্যাচে নিজের বোলারদের প্রশংসা করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 06:53 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

পুরনো খবর:

দাপুটে জয়ে গেরো ছুটল ভারতের

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার ভারতের তোলা ৩০৭ রানের জবাবে ১৭৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচে রানআউটের শিকার হন শুরুর ধাক্কা সামলে দলকে লড়াইয়ে রাখা ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। ম্যাচ শেষ এ দুটি রানআউটের প্রসঙ্গ টেনে ভিলিয়ার্স বলেন, “রানআউটগুলো আমাদেরকে ডুবিয়েছে, তখন আমরা সবে ব্যাট হাতে শুরু করেছিলাম।”

ভারতের বোলিং লাইনআপের সামনে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকা। ফাফ দু প্লেসি ছাড়া প্রোটিয়াদের আর কেউ অর্ধশতক পেরুনো ইনিংস খেলতে পারেননি। ব্যাটসম্যানদের ব্যর্থতা স্বীকার করে ভিলিয়ার্স বলেন, “আমরা যথেষ্ট ভালো ব্যাটিং করিনি।”

৪০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানোর পর দু প্লেসি ও ভিলিয়ার্স দলের হাল ধরেন। মোহিত শর্মার থ্রো থেকে মহেন্দ্র সিং ধোনি ভিলিয়ার্সকে রানআউট করলে ভাঙে ৬৮ রান তোলা এ জুটি।

এরপর দু প্লেসি ও ডেভিড মিলার চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন। কিন্তু দুজনে মিলে দলের সঞ্চয়ে ২৫ রান যোগের পর রানআউটের শিকার হন মিলার। এরপর আর মেলবোর্নের উইকেটে মাথা তুলে দাঁড়াতে না পারার কথা স্বীকার করে নেন ভিলিয়ার্স, “আমরা আমাদের পথ হারালাম।”

ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ৩০৭ রানে রাখার জন্য বোলারদের কৃতিত্ব দেন ভিলিয়ার্স। কেননা, এক সময় তার মনে হতে শুরু করে, ভারত সাড়ে তিনশ’ রান তুলতে যাচ্ছে।

টসে জিতে মেলবোর্নে আগে ব্যাটিংয়ে নামে ভারত। ভিলিয়ার্স জানান, তিনি টসে জিতলেও ধোনির মতো একই সিদ্ধান্ত নিতেন। তবে আগে ব্যাটিং করতে না পারাটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন না ওয়ানডের দ্রুততম অর্ধশতক ও শতকের মালিক ডি ভিলিয়ার্স।

“এটা এমন একটা মাঠ, যেখানে যারা আগে রোদের মধ্যে ফিল্ডিং করে, তাদের চাপে ফেলতে আপনি শুরুতে ব্যাটিং করতে চাইবেন। কিন্তু হার নিয়ে কোনো অজুহাত নেই।”