'আন্ডারডগ' হয়েও শিরোপা জিততে আত্মবিশ্বাসী ম্যাথিউস
বিশ্বকাপ শুরুর আগের হতাশাজনক পারফরম্যান্স এবং প্রস্তুতিপর্বে দুটি ম্যাচেই হার ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার নামের পাশে 'আন্ডারডগ' তকমাটা ভালোভাবেই জুড়ে দিয়েছে। দলটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস অবশ্য নিজেদের ফুরিয়ে যাওয়া শক্তি বলতে নারাজ।
সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতার শুরুতে নিউ জিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় অনেকেরই ধারণা জন্মেছে যে, শ্রীলঙ্কা তাদের সুসময় পেছনে ফেলে এসেছে। 'আন্ডারডগ' হতে আপত্তি নেই ম্যাথিউসের।
"টুর্নামেন্টের আগে যেমনটা আমি বলেছিলাম, টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে আসায় আমরা খুশি।"
সবার ধারণা ভুল প্রমাণ করে সাফল্যের পথে ফেরার ভালো একটা সুযোগ অবশ্য শিগগিরই পাচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আফগানিস্তানের বিপক্ষে আগামী রোববার মাঠে নামবে তারা। এদিন বাংলাদেশ সময় ভোর ৪টায় ডানেডিনে শুরু হবে ম্যাচটি।
গত মাসে নিউ জিল্যান্ড সফরে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-২ ব্যবধানে হারে শ্রীলঙ্কা। তারপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর জিম্বাবুয়ের কাছেও হেরে বসে সাঙ্গাকারারা।
আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিউইদের কাছে ৯৮ রানের হার, সব মিলে শ্রীলঙ্কা সমর্থকেরা তাদের শেষ আশাটুকুও হয়তো হারিয়ে ফেলেছে। অধিনায়ক ম্যাথিউসের কথাও অবশ্য নতুন করে আশায় বুক বাধতে পারেন তারা।
গত বছর বাংলাদেশে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা শ্রীলঙ্কার এই দলের উপর যথেষ্ট বিশ্বাস আছে বলে জানান ম্যাথিউস।
"খুব বেশি মানুষ আশা করে না আমরা জিতব, কিন্তু আমরা জানি এবং আমরা বিশ্বাস করি যে, আমরা এটা করতে পারি। দলে সেই ক্ষুধাটা আছে....এবং দলের সবাই বিশ্বাস করে যে, আমরা এটা করতে পারি।"
আফগানিস্তানও হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে; বাংলাদেশের কাছে ১০৫ রানে হেরেছিল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি।
