২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি থামার প্রত্যাশা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের

ব্রিসবেনের আবহাওয়ার সবশেষ অবস্থা কী? কেউ ফোনে, কেউ আবার ফেইসবুকে শুক্রবার সারাদিনই এই খবর জানতে চাইছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 08:53 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে শুরু হওয়া বৃষ্টি থেমেছে কিনা, অথবা শনিবার বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই বা রয়েছে কিনা-অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অবিরাম এই প্রশ্নে বারবার একই রেকর্ড বাজিয়ে যাওয়ার মতো বলতে হয়েছে-না।

শুক্রবার সারাদিন কখনো থেমে থেমে, কখনো আবার অবিরাম বৃষ্টি হয় ব্রিসবেনে। আসলে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটি হওয়া এখন পুরোপুরিই নির্ভর করছে প্রকৃতির ওপর। আগ বাড়িয়ে কিছু বলার নেই।

ব্রিসবেনের বাইরে থেকে অনেক প্রবাসী বাংলাদেশি ভীড় করেছেন কুইন্সল্যান্ড উপকূলের এই শহরে। মেলবোর্ন প্রবাসী কবি ও লেখক ডা. আহমেদ শরীফ শুভ পারিবারিক বন্ধুবান্ধব নিয়ে বড় একটা দল নিয়ে পৌঁছেছেন ব্রিসবেনে।

বিমানের টিকেট আর হোটেল ভাড়াসহ তাদের খরচ তিন হাজার ডলার ছাড়াবে। কিন্তু ব্রিসবেনের পরিস্থিতি দেখে তারা খুব হতাশ। এমন মানসিক অবস্থা আরও অনেকের।

অনেকের মনে আবার অন্যরকম একটি আনন্দও কাজ করছে-ম্যাচটি না হলে প্রিয় দলের খেলা দেখা হবে না ঠিক, কিন্তু একটি পয়েন্ট পেয়ে নকআউটে ওঠার সম্ভাবনা তো আরেকটু উজ্জ্বল হবে বাংলাদেশের!