২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদয় হবে ব্রিসবেনের আকাশ?

মাইকেল ক্লার্কদের প্রার্থনা হয়ত একটাই, শুক্রবার রাতে ব্রিসবেনে আকাশ ভেঙে সব বৃষ্টি ঝরে যাক। শনিবার আকাশে মেঘ না থাকলেই কেবল বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দেবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 06:39 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পুরনো খবর:

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ না হলে টাকা ফেরত
বাংলাদেশ ম্যাচের উইকেট নিয়ে দুশ্চিন্তায় ক্লার্ক
সাইক্লোন ম্যার্সিয়ায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পণ্ডের শঙ্কা

শনিবার ব্রিসবেনের গ্যাবায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফি বিন মুর্তজাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। তবে আদৌ তা মাঠে গড়াবে কিনা তা নির্ভর করছে কুইন্সল্যান্ড উপকূলে সাইক্লোন ম্যার্সিয়ার আঘাতের প্রভাবে শুরু হওয়া বৃষ্টির ওপর।

গত বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হয় বৃষ্টি। এর প্রভাবে সানকোর স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ফুটবল লিগের ম্যাচটি বাতিল করা হয়। একই মাঠে শনিবার সূচিতে থাকা সুপার রাগবির একটি ম্যাচ হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ফুটবল আর রাগবি তো তাও বৃষ্টির মধ্যে খেলা যায়, ক্রিকেটের জন্য চাই বৃষ্টিহীন দিন। ম্যাচটি হওয়া নিয়ে তাই শঙ্কা বাড়ছেই। 

গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ের অস্ত্রোপচার করানোর পর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক অবশ্য ম্যাচটি হবে আশা করে বসে আছেন। গ্যাবার আধুনিক ড্রেনেজ পদ্ধতিতে ভরসাও আছে অস্ট্রেলিয়া অধিনায়কের।

"ঘটনা হচ্ছে, আমার ক্যারিয়ারে আমি অনেকবার দেখেছি; বিশেষ করে ব্রিসবেনে জানালা দিয়ে তাকানোর পর মনে হবে, খেলা সম্ভব না। আমার মনে পড়ে, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেও এমনটা দেখেছি আমরা। তবে এক ঘণ্টা পরই আপনি মাঠে থাকবেন।"

মাশরাফিও চাইছেন ম্যাচটি হোক। এক পয়েন্ট পাওয়ার নেতিবাচক চিন্তা নিয়ে এগোতে চান না তিনি। খেলার জন্য নিজেদের প্রস্তুত করছেন তারা।

"ওভার কমে আসা ম্যাচে অবশ্যই খেলতে চাই না। এই ধরণের ম্যাচে অনেক সময় কম্বিনেশন ঠিক করা কঠিন হয়ে পড়ে। ২০ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া আরও ভালো। আমরা ইতিবাচক চিন্তা করছি যে পুরো ম্যাচ হবে।”