২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের উইকেট নিয়ে দুশ্চিন্তায় ক্লার্ক

মাইকেল ক্লার্কের খুব পরিচিত গ্যাবার উইকেট এখন আবরণে ঢাকা। তাই বাংলাদেশ ম্যাচের দিন এই উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে একটু দুশ্চিন্তায়ই আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 03:21 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

ক্লার্ক মনে করছেন, বৃষ্টির কারণে সারাদিন উইকেট কাভারে ঢাকা থাকায় খেলা ভীষণ কঠিন হবে।

শনিবার ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে ম্যাচটি পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে। 

বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রস্তুতিও।   

শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, “আমরা কন্ডিশন সম্পর্কে ভালো জানি। সারা দিন কাভারে ঢাকা থাকায়, উইকেট কিছুটা ভেজা থাকবে। এই উইকেটে খেলা কঠিন হবে। তাই যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিতে হবে।”

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। অন্য দিকে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ক্লার্ক বলেন, “আফগানিস্তানের বিপক্ষে ওদের খেলাটা আমি দেখেছি। ওদের হারাতে আমাদের সেরাটা খেলতে হবে।”

অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষেই প্রথম সিরিজ খেলেন ক্লার্ক। মাশরাফি বিন মুর্তজাদের সম্পর্কে ভালো ধারণাই আছে তার।   

“বাংলাদেশ দলকে আমরা খুব ভালো ভাবে জানি। ওদের ব্যাপারে অনেক গবেষণা করেছি, অনেক ফুটেজ দেখেছি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে ওদের সঙ্গে আমি খেলেছি। আমরা জানি, ওদের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।”

২০০৫ সালে কার্ডিফে বাংলাদেশের কাছে ৫ উইকেটে হারা ম্যাচে খেলেছিলেন ক্লার্ক। সেই হার এখনো ভুলতে পারেননি তিনি।

“আমি বাংলাদেশের কাছে আগেও হেরেছি। আমি জিম্বাবুয়ের কাছেও হেরেছি। কোনো দলকেই হালকাভাবে নেয়া যাবে না। বাংলাদেশকে কোনোভাবেই আমরা খাটো করে দেখছি না। ইংল্যান্ডের বিপক্ষে যেমন প্রস্তুতি নিয়েছিলাম তেমন প্রস্তুতি নিতে হবে আমাদের।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানে হারায় অস্ট্রেলিয়া। আর আফগানিস্তানের সঙ্গে ১০৫ রানে জেতে বাংলাদেশ।

দল ঠিক করে রেখেছে অস্ট্রেলিয়া। তবে কম ওভারের খেলা হলে দলে পরিবর্তন হবে বলে জানান ক্লার্ক।