‘ওরা আমাদের উড়িয়ে দিয়েছে’
নিউ জিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পনের পর ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করে নিলেন, ওয়েলিংটনের ম্যাচে তার দলকে উড়িয়ে দিয়েছে কিউইরা।
ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে ইংল্যান্ড। ওই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই ন্যুনতম প্রতিরোধও গড়তে না পারার ব্যর্থতা স্বীকার করে নেন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মরগ্যান, “স্কিল দিয়ে ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।”
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১২৩ রানের মামুলি স্কোর গড়ে ইংল্যান্ড। টিম সাউদির তোপের মুখে দলটির চার ব্যাটসম্যান দুই অঙ্কের রান তুললেও পঞ্চাশ পেরুতে পারেনি কেউই। প্রতিপক্ষের বোলিং নিয়ে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মর্গ্যান বলেন, “তারা আসলেই দারুণ বোলিং করেছে।”
অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে হেরে এবারের বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। এবার নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটের হারে যে গ্রুপ পর্বের চলার পথটা কঠিন হয়ে গেল, সেটাও মেনে নিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক, “নিজেদের গুছিয়ে নেয়া কঠিন হয়ে গেল।”
গত পাঁচ ম্যাচে মাত্র দুই রান তোলার পরিসংখ্যান নিয়ে ওয়েস্ট প্যাকে খেলতে নামেন মরগ্যান। শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে দিশেহারা দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। তবে কিউইদের বিপক্ষে খেলা ১৭ রানের ইনিংসটির কারণে ‘ভালো বোধ’ করার কথা জানান আয়ারল্যান্ডে জন্ম নেয়া ইংল্যান্ড অধিনায়ক।
সীমাহীন ব্যাটিং ব্যর্থতায় নিউ জিল্যান্ডকে মাত্র ১২৪ রনের লক্ষ্য দিতে সমর্থ হয় ইংল্যান্ড। নিজেদের মাঠে খেলা ব্রেন্ডন ম্যাককলামে দলের জন্য এ লক্ষ্য টপকানো যে কোনো ব্যাপারই ছিল না, তা জানাতেও ভোলেননি মর্গ্যান।
“যখন আপনি মাত্র ১২৩ রান তুলবেন, তখন বোলিংয়ের শুরুতে ম্যাককলামকে ব্যাটিংয়ে পাওয়াটা আপনার জন্য আদর্শ নয়।”
