২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই বৃত্তে দাঁড়িয়ে পাকিস্তান-উইন্ডিজ

দুটি দলের সঙ্গেই 'বিতর্ক' শব্দটি ঘুরে বেড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ বিতর্ক নিয়েই বিশ্বকাপে পা রেখেছে। আর পাকিস্তান বিশ্বকাপে এসে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরু করছে দুটি দলই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 03:00 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয়ার লক্ষ্যে শনিবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ।

দুটি দলই আবার বিশ্বকাপ খেলতে এসেছে দলের সেরা দুই বোলারকে দেশে রেখে। পাকিস্তান যখন প্রাথমিক দল দেয়, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার অফস্পিনার সাইদ আজমল তখন সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ ছিলেন। পরে অবশ্য নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান তিনি।

ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা সুনিল নারাইনকে ছাড়া। নিজের পরিবর্তিত বোলিং অ্যাকশন নিয়ে আত্মবিশ্বাসী না থাকায় নিজেকে সরিয়ে নেন এই স্পিনার।

সবকিছু মিলিয়ে কোনো দিক দিয়েই এই ম্যাচের আগে স্বস্তিতে নেই দুই দলের একটিও। শনিবারের ম্যাচটি দুই দলের কাছেই তাই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটিকেই সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মঞ্চ হিসেবে দেখছেন পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক।

ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে যাওয়ার হতাশা ভুলে বেরিয়ে আসার প্রত্যয় পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকের। সতীর্থদের উজ্জ্বীবিত করতে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শুক্রবার মিসবাহ আত্মবিশ্বাসী হয়ে ওঠার কথা বলেন।

"এই বিশ্বকাপে আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। দুই দলেরই জয় প্রয়োজন।"

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার অঘটন থেকে বেরিয়ে আসার প্রত্যয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারেরও।

"পরাজয়ে আমরা নিজেদের ডুবতে দিতে পারি না। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছি এবং এটা কঠিন এক হার ছিল। কিন্তু আমরা নিজেদের ডুবতে দিলে আর ফিরে আসা কঠিন হবে।"

পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের জন্যই অবশ্য নিজেদের ফিরে পাওয়ার কাজটা কঠিন। বিশ্বকাপের প্রথম ম্যাচের হার ভুলে থাকাই শুধু নয়, দুই দলকে ঘিরে থাকা বিতর্ক আর সাম্প্রতিক অতীতের বাজে পারফরম্যান্সের হতাশাও পেছনে ফেলতে হবে তাদের।     

বিশ্বকাপে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে বিতর্ক ওঠে। সেই বিতর্কের জের ধরেই বিশ্বকাপের দল থেকে ফর্মে থাকা ডোয়াইন ব্র্যাভো ও কাইরন পোলার্ড বাদ পড়েন বলে মনে করেন অনেকে।

বিশ্বকাপ খেলতে এসে পাকিস্তান দলে প্রথম বিতর্ক ওঠে জরিমানার বিষয় নিয়ে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের  কারফিউ ভাঙায় শহিদ আফ্রিদিসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের জরিমানা করে টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে পরে হতাশা প্রকাশ করেন আফ্রিদি।

এরপর দলের ফিল্ডিং কোচের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের ঝামেলার খবর প্রকাশ হয়। এই ঘটনার সঙ্গে আফ্রিদিও জড়িত ছিলেন। সব মিলিয়ে বিশ্বকাপে পা রেখেই বিতর্ক জর্জর হয়ে পড়েছে পাকিস্তান।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ফর্মও আশা জাগানিয়া নয়। আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নেওয়ার মতো অবস্থায় আসলে নেই দুটি দলের কোনোটিই। সবশেষ খেলা ১৩টি ওয়ানডের ১১টিতেই হেরেছে পাকিস্তান। আর সবশেষ ৮টি ওয়ানডেতে একটিতে মাত্র জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুটি বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে একটু এগিয়েই আছে। ১২৬ ম্যাচে মুখোমুখি হয়ে পাকিস্তানের বিপক্ষে ৬৮টি জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান জেতে ৫৫টি ম্যাচ। বাকি তিনটি টাই হয়।

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ৯ ম্যাচের ৬টিতেই জিতেছে তারা, পাকিস্তানের জয় ৩টি। তবে গত বিশ্বকাপের পর এই পর্যন্ত মুখোমুখি ১১ ম্যাচের ৬টিতেই জেতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জেতে ৪টি; একটি ম্যাচ টাই হয়।   

বিশ্ব ক্রিকেটের চিরন্তন অননুমেয় দল পাকিস্তান কি পারবে এই সব হিসাব-নিকাশের গণ্ডি ছেড়ে বেরিয়ে এসে ভালো কিছু করতে? নাকি ওয়েস্ট ইন্ডিজের মনে পড়ে যাবে তাদের মহান ক্রিকেট ইতিহাস আর ঐতিহ্যের কথা?