পাকিস্তান দলে পরীক্ষা-নিরীক্ষার বিরোধী মিয়াঁদাদ
ভারতের কাছে হারের জন্য ভুল একাদশ নির্বাচনকে দায়ী করেছিলেন জাভেদ মিয়াঁদাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পাকিস্তানের কিংবদন্তির।
হয় ওয়েস্ট ইন্ডিজ, নয় পাকিস্তান। শনিবারের দ্বৈরথে দু’দলের মধ্যে হারবে যারা, তাদের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে যাবে আরেকটু। ভুল পরিকল্পনায় খেলার মাসুল দিয়ে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে প্রথম ম্যাচে। ওদিকে ৩০০ রানের বেশি তাড়া করে আয়ারল্যান্ড হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। পাগলাঘণ্টির আওয়াজ তাই বাড়তে শুরু করেছে আর ক্রমশ গ্রুপটি রূপান্তরিত হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’-এ।
আয়ারল্যান্ডের জয় প্রমাণ করেছে, টেস্ট আঙ্গিনার বাইরে থাকা দলগুলো ৫০ ওভারের ফরম্যাট আত্মস্থ করছে দ্রুত। তাদের আর হেলাফেলা করার সুযোগ নেই। চাপ এখন তাই পুল ‘বি’র বড় চার দলের ওপর। জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডের আরো অঘটন কোয়ার্টার-ফাইনালের রাস্তা করে তুলবে আরো অনিশ্চিত। নকআউট পর্বের চারটি টিকেট তখন উন্মুক্ত হয়ে যাবে প্রায় সবার জন্যই।
গ্রুপের প্রথম ম্যাচ জিতেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তাদের কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা তাতে বেড়েছে। রোববার আবার মুখামুখি হচ্ছে এই দুই দল। ওই ম্যাচের ফল হয়তো ধারণা দেবে, পুল ‘বি’ থেকে সবার ওপরে থেকে নকআউট পর্বে যাবে কারা।
পাকিস্তানের কথা বলি এবার। বিশ্বকাপে এবারের চেয়ে দুর্বল কোনো পাকিস্তান দল খেলেছে বলে আমার তো মনে পড়ে না। অন্য দলগুলোর শক্তিশালী হওয়া এর কারণ না। বরং শোয়েব মালিক, আজহার আলী, জুলফিকার বাবরদের মতো ক্রিকেটারদের উপেক্ষা করায় তাদের এই হাল।
আর এত বড় প্রতিযোগিতার জন্য যেমন পরিকল্পনা প্রয়োজন, পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্কে এর অভাব আমি দেখতে পাচ্ছি। এটি তো পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ না, যেখানে এক-দুই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ থাকে। পাকিস্তানের প্রয়োজন নির্দিষ্ট জায়গায় স্পেশালিস্ট ক্রিকেটারদের একাদশে নেওয়া। আমি খুব করে আশা করছি, ভারতের বিপক্ষে ম্যাচের ভুল থেকে টিম ম্যানেজম্যান্ট শিক্ষা নেবে। ক্ষতবিক্ষত এই ওয়েস্ট ইন্ডিজের সামনে হোঁচট খাবে না আবার।
মোহাম্মদ হাফিজের ইনজুরিতে স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন নাসির জামশেদ। প্রথম ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। আমি মনে করি, আহমেদ শেহজাদের সঙ্গে তারই ওপেনিংয়ে যাওয়া উচিত। ইউনিস খানকে যে আমি বাদ দিতে বলছি, তা না। রানখরার ভেতর দিয়ে কোন ব্যাটসম্যান যায় না! কিন্তু ওপেনার হিসেবে ব্যবহার করাটা ইউনিসের প্রতিভার প্রতি অবিচারের শামিল। ব্যাটিং অর্ডারের প্রথম চারটি জায়গা স্পেশালিস্টদের। ইউনিসকে যদি একাদশে রাখতেই হয়, তাহলে আরেকটু নীচে ওকে পাঠানো উচিত। বল খানিকটা পুরনো হবে বলে ও তখন কার্যকর হতে পারবে।
পাকিস্তান হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও উমর আকমলকে খেলাতে পারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। আমি কিন্তু মনে করি যত দ্রুত সম্ভব সরফরাজ আহমেদকে একাদশে ফেরানো উচিত। এতে স্পেশালিস্ট উইকেটরক্ষকের ওপর আস্থা রাখা হবে। আর লোয়ার অর্ডারে ও আগ্রাসী ব্যাটিংও তো করতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে বটে। তবে ব্যাটিং অর্ডারের গভীরতা কিন্তু সেদিন দেখিয়েছে তারা। লেন্ডস সিমন্স করেছে সেঞ্চুরি আর ড্যারেন সামিও রান তুলেছে ঝড়ের গতিতে। এই বিশ্বকাপে সাদা বল যে ব্যাটসম্যানদের খুব ঝামেলায় ফেলছে, আমার তা মনে হয় না। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের একাদশে তৃতীয় স্পিনার না রাখার পক্ষেও আমি।
এক মিসবাহ-উল-হক বাদে অন্য পাকিস্তানি ব্যাটসম্যানের খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে ওরা এখনো খাপ খাওয়াতে পারেনি। এ কারণেই আমার মনে হচ্ছে একজন ব্যাটসম্যান বেশি নিয়ে তাদের খেলা উচিত। শহীদ আফ্রিদির লেগ স্পিন ও হারিস সোহেলের বাঁ-হাতি স্পিনে ভরসা রেখে বাদ দেওয়া দরকার ইয়াসির শাহকে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে নেই ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডের মতো পরীক্ষিত দুই ব্যাটসম্যান। তারপরও ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস থাকায় তাদের টপ অর্ডারে অভিজ্ঞতার ঘাটতি নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ডজন ডেলিভারির মুখোমুখি হয়ে গেইলের মাত্র ৩৬ রান করাতে বিস্ময় ছিল নিঃসন্দেহে। ও তো এমন ব্যাটিং করে না। গেইলের উচিত নিজের সহজাত বিস্ফোরক ব্যাটিংটাই করা। যদি সেই বাজি কাজে লেগে যায়, পরের দিকে ইনিংস টেনে নেওয়ার মতো অনেক ব্যাটসম্যান আছে ওয়েস্ট ইন্ডিজের।
টুর্নামেন্ট শুরুর আগে তরুণ জেসন হোল্ডারকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এটি আমার কাছে মনে হয়েছে ভুল সিদ্ধান্ত। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় দলের নেতৃত্ব অভিজ্ঞ কারো কাছে থাকাই ভালো। হতে পারে ভালো অধিনায়কের গুণাবলি হোল্ডারের রয়েছে। কিন্তু আগে তো তার দ্বিপাক্ষীয় সিরিজে সেটি প্রমাণ করতে হবে। অভিজ্ঞতা অর্জন করতে হবে সেখান থেকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই যেমন ফুটে উঠেছিল হোল্ডারের অনভিজ্ঞতা। আয়ারল্যান্ডের ব্যাটিংলাইনকে ঝাঁকুনি দেওয়ার জন্য অনেক বেশি বোলার ব্যবহার করেছে ও। যে আট বোলার ব্যবহার করেছে, তাদের কাউকে দিয়ে আবার ১০ ওভার করানো হয়নি।
পাকিস্তানের বিপক্ষে খেলা যে ক্রাইস্টচার্চে, সেখানকার উইকেট হয়তো ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের সহায়ক হবে; সেটি দিবা-রাত্রির খেলা না বলে বেশি করে হয়তো-বা। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে পাকিস্তানের একাদশের ঠিক সমন্বয়টা খুঁজে পেতে হবে। টিম ম্যানেজম্যান্টকে একটা কথাই বলব, শুধু দয়া করে আর কোনো পরীক্ষা-নিরীক্ষা করবেন না।
