২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্ক-মাশরাফিতে ব্রিসবেনে ফিরে আসছে কার্ডিফ

২০০৫ থেকে ২০১৫-কার্ডিফের সোফিয়া গার্ডেন থেকে ব্রিসবেনের গ্যাবা। দূরত্বের হিসেবে যোজন যোজন ফারাক। তবে বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আগে মাশরাফি বিন মুর্তজা আর মাইকেল ক্লার্কের উপস্থিতিতে ঘুচে যাচ্ছে সময় আর দূরত্বের পার্থক্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 08:56 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

শনিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্যাবায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। এই ম্যাচের আগে ব্রিসবেনের গ্যাবায় উঁকি দিচ্ছে কার্ডিফের সোফিয়া গার্ডেনের স্মৃতি।

২০০৫ সালে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে সেই সময়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কার্ডিফের সেই জয়টি ছিল বাংলাদেশের প্রথম, এখন পর্যন্ত একমাত্র জয়ও এটিই।

সেই ম্যাচে বাংলাদেশ দলে খেলেন মাশরাফি। ১০ বছর আগে তরুণ পেসার মাশরাফি ৩৩ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে কোনো রান করার আগেই ফিরিয়েছিলেন তিনি।

সেদিনকার সেই ম্যাচে অস্ট্রেলিয়া দলে ছিলেন মাইকেল ক্লার্ক। ৮৪ বলে ৫৪ রান করেন তিনি। তাপস বৈশ্যর বলে মাশরাফির তালুবন্দি হয়ে ফিরেছিলেন তিনি।

৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৪৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে মোহাম্মদ আশরাফুলের শতকে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে বিশ্ব কাঁপানো জয় তুলে নেয় বাংলাদেশ।

রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, ড্যামিয়েন মার্টিন, মাইক হাসি, গিলক্রিস্ট, সাইমন ক্যাটিচ, গ্লেন ম্যাকগ্রা ও জ্যাসন গিলেস্পি সমৃদ্ধ সেই দলের হারটি অস্ট্রেলিয়া কখনই হজম করতে পারেনি।

বাংলাদেশের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে সেই স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা অবশ্য হৃদয় খুড়ে পুরানো সেই বেদনা জাগাতে চায় না। বাংলাদেশও ধুলো জমা সেই সাফল্যে বুঁদ থাকতে না চাওয়ার কথা বলে দিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম অতীতের অতল থেকে তুলে এনেছে সেই ম্যাচ।

সেই ম্যাচে না খেললেও অস্ট্রেলিয়ার স্কোয়াডের সদস্য ছিলেন বর্তমানে দেশটির উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। সেই ম্যাচের বিশেষ কোনো স্মৃতি মনে না থাকার কথা বলেন তিনি।

মাশরাফির স্মৃতিতে সেই ম্যাচ অবশ্য এখনো অটুট। তবে এটা নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কিছু দেখছেন না তিনি।

“সেই ম্যাচের একমাত্র আমিই এই (বাংলাদেশ) দলে আছি। সেটা এখন অতীত, সেই ম্যাচের কোনো প্রভাব এখন পড়বে না।”

সময় মাশরাফি আর ক্লার্ককে অন্যরকম এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। সেদিনের সেই মাশরাফি-ক্লার্ক এখন দুই দলের অধিনায়ক। তবে প্রতিশোধ নিয়ে ভাবছেন না তারা। নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেওয়াই শুধু লক্ষ্য তাদের।