পাকিস্তান দলে নতুন বিতর্ক
পাকিস্তানের বিশ্বকাপ দলে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। দেশটির গণমাধ্যমে খবর অনুয়ায়ী, খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পদত্যাগ করেছেন দেশটির ফিল্ডিং কোচ গ্র্যান্ট লুডেন।
বিশ্বকাপ মিশনের শুরুতেই রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল অভিজ্ঞ অলরাউন্ডার শহীদ আফ্রিদিসহ পাকিস্তানের আট খেলোয়াড়। বন্ধুদের সঙ্গে রাতের খাবার খেয়ে ফেরার পথে প্রায় ৪৫ মিনিট দেরি করে তারা। সেজন্যে অভিযুক্ত সবাইকে জরিমানাও করা হয়।
এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭৬ রানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে পাকিস্তান।
মঙ্গলবার পাকিস্তানের গণমাধ্যমে জানানো হয়, রোববার ভারতের কাছে ওই হারের পর আফ্রিদি, উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমলের সঙ্গে তর্কে জড়িয়ে ফিল্ডিং কোচ লুডেন পদত্যাগ করেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য লুডেনের 'পদত্যাগ করার' গণমাধ্যমের এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। লুডেনের সঙ্গে কোনো খেলোয়াড়ের তর্কে জড়ানোর ঘটনাও মিথ্যা বলে জানায় তারা।
বুধবার এক বিবৃতিতে পিসিবি আরও জানায়, মঙ্গলবার ক্রাইস্টচার্চে প্রধান কোচ ওয়াকার ইউনুসের তত্ত্বাবধানে পুরো দল অনুশীলনে করেছে। আর কিছু খেলোয়াড়দের অতিরিক্ত এক ঘণ্টা অনুশীলনও করান লুডেন।
খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে লুডেনের চাকরি ছাড়ার খবর পিসিবি অস্বীকার করলেও বিবৃতিতে পিসিবি জানায়, বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই নাকি সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই কোচ।
ব্যক্তিগত কারণে আগামী মে মাসে চাকরি ছেড়ে দেয়ার কথা বলেছিলেন লুডেন, তবে পরে নাকি পদত্যাগের সিদ্ধান্ত পাল্টে দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আগামী শনিবার ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তান।
