বাংলাদেশকে নিয়ে সতর্ক জনসন
বিশ্বকাপের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া বাংলাদেশকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন মিচেল জনসন। দেশটির পেস আক্রমণের অন্যতম ভরসা ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষদের নিয়ে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন।
আগামী শনিবার ব্রিসবেনে বাংলাদেশের মুখোমুখি হবে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া।
এর আগে মঙ্গলবার ম্যাচটি নিয়ে কথা বলেন জনসন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলেই মনে করেন তিনি। এই কারণে সর্বোচ্চ প্রস্তুতিটাই নিচ্ছে অস্ট্রেলিয়া।
“আমি ফুটেজ দেখতে খুব একটা পছন্দ করি না, কিন্তু দেখার মতো তাদের (বাংলাদেশের ক্রিকেটারদের) কিছু ফুটেজ আছে।”
প্রায় চার বছর হয়ে গেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া কোনো ওয়ানডেতে মুখোমুখি হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বলার মতো স্মৃতি আছে একটাই-২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের শতকে কার্ডিফে জয় পেয়েছিল তারা।
তবে এবারের ম্যাচটি ব্রিসবেনের গ্যাবায় হবে বলে বাড়তি একটা সুবিধা পাওয়ার কথা বলেন জনসন।
“তাদের সত্যি কিছু ভালো খেলোয়াড় আছে। তাদের সঙ্গে খেলেছি অনেক দিন হয়ে গেছে। কিন্তু তাদের সঙ্গে গ্যাবাতে খেলাটা আমাদের জন্য অনেক সুবিধার। দ্রুত গতির ও বাউন্সি উইকেটে কি হতে পারে, তারা টের পাবে।”
