আইরিশদের 'নির্ভয়' মন্ত্রের জয়
ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য আয়ারল্যান্ড দলে একটাই মন্ত্র ছিল-'ভয়হীন' খেলে যাও। প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারার পর এই মন্ত্রই জপে এসেছে আইসিসির সহযোগী দেশটি। আর সেটা যে বেশ ভালোই কাজে লেগেছে, এটা এখন প্রমাণিত।
গত সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর বেশ ফুরফুরে মেজাজেই আছে আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের পরের ম্যাচটি আগামী ২৫ ফেব্রুয়ারি।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে একটি গল্প বিভিন্ন জায়গায় বলতেই হচ্ছে আইরিশ ক্রিকেটারদের-কোন জাদুমন্ত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন অসাধারণ ক্রিকেট খেলল আয়ারল্যান্ড?
নায়াল ও'ব্রায়ান জানান, প্রস্তুতি ম্যাচে অতি সতর্ক হয়ে থাকাটা কাল হয়ে এসেছিল বলেই পরিকল্পনা বদলে 'ভয়হীন' ভাবে খেলার সিদ্ধান্ত নেন তারা।
"আমি মনে করেছিলাম, প্রস্তুতি ম্যাচে আমরা একটু ভীত ছিলাম, সম্ভবত একটু সতর্ক এবং এটা নিয়েই আমরা কথা বলেছি যে, কোনো ভয় ছাড়াই খেলব আর আমাদের শটগুলো খেলব।"
'নির্ভয়' চিত্তে খেলতে গিয়ে আইরিশরা এমন অসাধারণ খেলা উপহার দিল যে এতে একটু যেন আশ্চর্য হন দলটির কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান ফিল সিমন্সও।
"আমি যত দেখেছি, এর মধ্যে সেরা এটাই"
ওয়েস্ট ইন্ডিজের করা ৩০৪ রান তাড়া করতে নেমে চারজন ফাস্ট বোলারকে সামলে কিভাবে আয়ারল্যান্ড জয়ের বন্দরে পৌঁছাল, সেই ব্যাখ্যাও দেন সিমন্স।
"তারা চারজন ফাস্ট বোলার খেলিয়েছে, ভেবেছিল আমরা গতির সঙ্গে মানাতে পারব না। প্রথম কয়েক ওভারে দুটি শর্ট বলে বাউন্ডারি মারা; এটাই পরিবর্তনটা করে দেয়। প্রথম চার ব্যাটসম্যান ভালো খেলেছে।"
