রানে ভরা বাংলাদেশ ম্যাচের উইকেট
কেমন পিচে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ? রান বেশি উঠবে, নাকি উইকেট বোলারদের সহায়তা করবে? আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ক্যানবেরার ম্যানুকা ওভালের পিচ বেশি রান ওঠার জন্যই পরিচিত।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ৩৬৪ ও ৩৯১ রান করে এখানে। দ্বিতীয় ম্যাচটিতে ইংল্যান্ডের প্রতিপক্ষও ৩৩১ রান করেছিল।
বুধবার ম্যাচের দিনে ক্যানবেরার তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দুই দলের জন্যই সহনীয় হবে বলেই ধারণা অনেকের।
গত কয়েকদিন ধরে ক্যানবেরায় সন্ধ্যার দিকে আকাশে মেঘ জমছে, যদিও বৃষ্টি হয়নি।
এই উইকেটের আচরণ সম্পর্কে বাংলাদেশ দল কোচ হাথুরুসিংহের কাছ থেকে আগাম ধারণা নিতে পারার কথা। নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) সহকারী কোচ থাকার সময় এই মাঠটিকে কাছ থেকেই দেখেছেন তিনি।
