২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপও লক্ষ্যে ছিল টেস্ট বোলার বোল্টের

স্কটল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ খুশি ম্যাচ সেরার পুরস্কার জেতা ট্রেন্ট বোল্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 12:16 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে স্কটল্যান্ডকে ৩ উইকেটে হারায় স্বাগতিক নিউ জিল্যান্ড। ৬ ওভার বল করে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাস্ট বোলার বোল্ট।

প্রথমে ব্যাট করে ৩৬.২ ওভারে ১৪২ রান তুলে অলআউট হয় স্কটল্যান্ড। ২৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় নিউ জিল্যান্ড।

ইনিংসের দ্বিতীয় ওভারেই স্কটল্যান্ডের ইনিংস পথহারা করে দেন বোল্ট। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে স্কটল্যান্ডের টপঅর্ডারের দুই ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

টেস্ট বোলার হিসেবে পরিচিত বোল্টের মাস ছয়েক আগেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবরের মধ্যে মাত্র একটি ওয়ানডে ম্যাচই খেলেন তিনি।

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অবশ্য তাকে দলে ডাকেন নিউ জিল্যান্ড কোচ। আর তখনই বোঝা যায়, মাইক হেসনের বিশ্বকাপ পরিকল্পনায় তিনি আছেন।

কোচের আস্থার প্রতিদান প্রথম ম্যাচেও কিছুটা দেন বোল্ট। ১০ ওভার বল করে ৬৪ রান দিয়ে শ্রীলঙ্কার দুটি উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৮ রানে জেতে স্বাগতিকরা।

স্কটল্যান্ডের দুটি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখতে পেরে ম্যাচ শেষে নিজের সন্তুষ্টির কথা জানান বোল্ট।

“সবাই জানে, টেস্ট ক্রিকেটই আমার ভালোবাসা এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। ব্ল্যাক ক্যাপদের হয়ে একটি টেস্ট এবং একটি টেস্ট সিরিজ জয়ের চেয়ে ভালো কিছু হতে পারে না। (কিন্তু) এই বিশ্বকাপ আমার বড় লক্ষ্য ছিল।”