এমসিসির আজীবন সদস্যপদ পেলেন সৌরভ গাঙ্গুলী
মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
রোববার গাঙ্গুলীকে এই সম্মাননা দেওয়ার কথা জানায় এমসিসি।
এই সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বসিত বর্ণিল ক্যারিয়ারে ১১৩ টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা গাঙ্গুলী। ১৯৯৬ সালে টেস্টে অভিষেকে ঐতিহ্যবাহী লর্ডসে শতক পাওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, “লর্ডসে খেলার কিছু চমৎকার স্মৃতি আমার আছে, যেগুলো আমি চিরদিন বয়ে বেড়াব—অভিষেক টেস্টে এখানে শতক পাওয়া থেকে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জেতা।”
১৯৯৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় গাঙ্গুলীর। ২০০৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে শেষ টেস্টে খেলেন তিনি।
১১৩ টেস্টে ১৬টি শতক ও ৩৫টি অর্ধশতকে ৭ হাজার ২১২ রান তোলেন গাঙ্গুলী। আর ৩১১ ওয়ানডেতে ১১ হাজার ৩৬৩ রান তোলার পথে ২২টি শতক ও ৭২টি অর্ধশতক করেন তিনি।
